নাটোরে মামলা প্রত্যাহার করে নিতে বাদীর ওপর চাপ সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। মামলা তুলে নিতে বাদী আবু বকর সিদ্দিককে (৩২) জোর করে নলডাঙ্গা থেকে ঢাকায় আনার পথে গত মঙ্গলবার রাতে সদর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় নিকাহ রেজিস্ট্রার (কাজি) নিয়োগে নলডাঙ্গা থানা মসজিদের ইমাম আবু বকর ও মিজানুর রহমান নামের এক ব্যক্তিসহ কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আবু বকর প্রথম হলেও মিজানুরকে নিয়োগ দেওয়া হয়। এ ঘটনায় আবু বকর গত ডিসেম্বরে উচ্চ আদালতে রিট করেন। এর ভিত্তিতে আদালত মিজানুরের নিকাহ নিবন্ধন ক্ষমতার ওপর ছয় মাস স্থগিতাদেশ দেন। এর পর থেকে মিজানুর বিভিন্ন মহলের মাধ্যমে রিটটি প্রত্যাহারে আবু বকরের ওপর চাপ দিচ্ছিলেন।
আবু বকর অভিযোগ করেন, মঙ্গলবার রাত নয়টার দিকে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজিবুল ইসলাম তাঁকে ডেকে নিয়ে মামলা প্রত্যাহার করে নিতে বলেন। অন্যথায় তাঁকে চাকরি হারাতে হবে বলেও হুমকি দেন। এর কিছু সময় পর মিজানুরের ভাই মামুনুর রহমান এসে ওসির কক্ষে যান। সেখান থেকে বেরিয়ে এসে তিনি তাঁকে (আবু বকর) থানা ভবনের বাইরে ডেকে নেন। এরপর তাঁকে জোর করে ঢাকায় নিতে ভটভটিতে তুলে নাটোর শহরে হানিফ কাউন্টারে নিয়ে যান। এরই ফাঁকে তিনি মুঠোফোনে ঘটনাটি সদর উপজেলা চেয়ারম্যানকে জানান। পরে বাস কাউন্টার থেকে সদর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে।
ওসি নজিবুল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মঙ্গলবার রাতে এশার নামাজের পর থেকে আমি ইমাম সাহেবকে দেখিনি। কাজি নিয়োগ নিয়ে মামুনদের (কাজির ভাই) সঙ্গে তাঁর মামলা চলছে বলে শুনেছি। এর বেশি কিছু জানি না।’
উপজেলা চেয়ারম্যান শরীফুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাতে মুঠোফোনে ইমাম সাহেব তাঁকে তুলে নিয়ে যাওয়ার কথা জানান। তাৎক্ষণিকভাবে আমি বিষয়টি পুলিশ সুপারকে জানালে তিনি সদর থানার পুলিশের মাধ্যমে ইমাম আবু বকরকে উদ্ধার করে আমার বাসায় পৌঁছানোর ব্যবস্থা করেন।’
একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পুলিশ সুপার বাসুদেব বণিকের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
তবে সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশ পেয়ে তিনি হানিফ বাস কাউন্টার থেকে ইমাম আবু বকরকে উদ্ধার করে উপজেলা চেয়ারম্যানের বাসায় পৌঁছে দেন।