মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিবগঞ্জের জান্নাতি হত্যা মামলার মূল আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না বলে জান্নাতির বাবা মো. আলম অভিযোগ করেছেন। উল্টো জান্নাতির মামাকে এ মামলায় গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে স্বীকারোক্তি আদায় করে পুলিশ মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। মামলার বাদী শিবগঞ্জ পৌর এলাকার মর্দনা পুকুরটোলা গ্রামের মো. আলম গতকাল মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে এক সংবাদে সম্মেলনে এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে মো. আলম উল্লেখ করেন, গত ১৫ অক্টোবর দিবাগত রাতে তাঁর মেয়ে জান্নাতি (১৯) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। পরদিন সকালে বাড়ির পাশে আখখেতে তাঁর লাশ পাওয়া যায়। তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ অভিযোগে তিনি পাশের গ্রামের বিরহামপুরের ইসমাইল হোসেন (৩০) ও তৌহিদ আলীর (২৩) নাম উল্লেখসহ আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন।
সংবাদ সম্মেলনে মো. আলম আরও অভিযোগ করেন, পুলিশ তৌহিদকে গ্রেপ্তার করলেও এক নম্বর আসামি ইসমাইলকে গ্রেপ্তার করছে না। অথচ তিনি এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। উল্টো জান্নাতির মামা মো. বাদশাকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে প্রচণ্ড নির্যাতন চালায় পুলিশ। এরপর তাঁর কাছ থেকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়। এতে মেয়ের হত্যার সুষ্ঠু বিচার নিয়ে হতাশা প্রকাশ করেন মো. আলম।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) সারোয়ার হোসেন বলেন, এলাকায় দুটি বিবদমান পক্ষের মধ্যে একটি পক্ষকে ফাঁসানোর জন্য এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বাদশাকে নির্যাতনের অভিযোগ ঠিক নয় বলে দাবি করেন তিনি। বাদশা বিচারিক হাকিমের সামনে
১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শিগগিরই হত্যারহস্য উদ্ঘাটিত হবে বলে জানান তিনি।