মামলা লোহাগাড়ায় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় ১১ জানুয়ারি সন্ধ্যায় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুরের ঘটনায় জামায়াত-সমর্থিত উপজেলা চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ দলের দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। নাশকতার পরদিন বিশেষ ক্ষমতা আইন, দণ্ডবিধি আইন ও বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে লোহাগাড়া থানায় এসব মামলা করেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে লোহাগাড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। হঠাৎ বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের মুখোশ পরিহিত ক্যাডাররা লোহাগাড়ায় এসে তাণ্ডব চালায়। ওসি জানান, প্রাথমিক তদন্তে ১১ জানুয়ারির নাশকতার ঘটনায় উপজেলা চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যানসহ জামায়াতের নেতাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
মামলার বিষয়ে উপজেলা চেয়ারম্যান ও আইনজীবী ফরিদ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘ঢাকায় আইনজীবীদের বিভিন্ন কর্মসূচিতে যুক্ত থাকলেও লোহাগাড়ার কোনো আন্দোলনে আমি জড়িত নই। এ ছাড়া ঘটনার দিন আমি লোহাগাড়ায় ছিলাম না।’
উপজেলা নারী ভাইস চেয়ারম্যান গুলশান আরা বলেন, ‘জামায়াতের সমর্থক হলেও নাশকতা সমর্থন করি না। ঘটনার সময় আমি চট্টগ্রাম শহরে ছিলাম।’
তবে জামায়াত-সমর্থিত ভাইস চেয়ারম্যান মো. নুরুল আবছারের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান জানান, যাঁদের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাঁদের আটক করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। নাশকতার ঘটনায় জামায়াত-শিবিরের সন্দেহভাজন সাত-আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।