নাটোরের বড়াইগ্রামের কালিকাপুর এলাকায় খ্রিষ্টান দম্পতির ওপর হামলার ঘটনায় শুক্রবার রাতে বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে। আহত দম্পতির ছেলে পুলক কস্তা বাদী হয়ে অজ্ঞাত ছয়-সাত ব্যক্তির বিরুদ্ধে মামলাটি করেন।
বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, পুলক কস্তা তাঁর বাবা-মায়ের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করা এবং নগদ টাকাসহ মালামাল চুরির ঘটনায় শুক্রবার রাতে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি রাতেই মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
বনপাড়ার সেন্ট জোসেফ উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক গ্যাব্রিয়েল কস্তা ও তাঁর স্ত্রী বীণা পিরিস গতকাল দুপুর পর্যন্ত বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই হাসপাতালের চিকিৎসক সিদ্দিক পাটোয়ারী বলেন, গ্যাব্রিয়েল কস্তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে বাসায় পাঠানো হয়েছে। আর তাঁর স্ত্রীর অবস্থা অপরিবর্তিত। তিনি বাঁ চোখ দিয়ে কিছু দেখতে পাচ্ছেন না। বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে চিকিৎসা করানোর জন্য তাঁর স্বজনদের পরামর্শ দেওয়া হয়েছে। বীণা পিরিসের মেয়ে ডা. নীলা কস্তা বলেন, চোখের উন্নত চিকিৎসার জন্য গতকাল তাঁর মাকে রাজশাহীতে পাঠানো হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে অপরাধীদের খুঁজে বের করতে বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। ঘটনায় জড়িত সন্দেহে আটক ইউনুস কবিরাজ (৩১), রুবেল পাঠান (২৪), লিটন হোসেন (৩০), বাচ্চু কসাই (৩৮), নাজমুল হোসেন (৫০), বাবু হোসেন (৩০) ও জিয়াউর রহমানকে (৩০) জিজ্ঞাসাবাদ শেষে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রিমান্ডে নিয়ে তাঁদের আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।
বুধবার রাতে কালিকাপুরের সাবেক শিক্ষক গ্যাব্রিয়েল কস্তা ও তাঁর স্ত্রী বীণা পিরিসের শয়নঘরে ঢুকে তাঁদের ওপর হামলা চালায় দুই দুর্বৃত্ত। তাঁদের মারধর করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। প্রায় ৪০ ঘণ্টা পর তাঁদের জ্ঞান ফিরে আসে।