চট্টগ্রামে একটি খামারে হরিণ হত্যার ভিডিও সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ওই খামারের মালিকের বিরুদ্ধে মামলা এবং তাঁর হরিণ পালনের অনুমতি (লাইসেন্স) বাতিল করতে যাচ্ছে বন বিভাগ। খবর বিবিসি বাংলার।
ওই খামারমালিকের নাম মইন উদ্দিন। তিনি বন্য প্রাণী পালনের লাইসেন্সের শর্ত অমান্য করেছেন বলে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। এ কারণে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত হয়েছে। তিনি নিজ খামারের একটি চিত্রল হরিণকে গুলি ও জবাই করেন এবং ওই হরিণ হত্যার ভিডিও ধারণ করে ইউটিউবসহ বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেন বলে অভিযোগ পাওয়া যায়। সপ্তাহ খানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওটি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।
বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তারা মইন উদ্দিনের খামারটিতে অভিযান চালিয়ে ১৬টি চিত্রল হরিণ বাজেয়াপ্ত করেছেন। চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম মাওলা বিবিসিকে বলেন, বন বিভাগ ওই খামারকে চট্টগ্রামের হিলসাইড মাল্টি ফার্ম বলে চিহ্নিত করেছে এবং ভিডিওতে দৃশ্যমান বন্দুকধারী ব্যক্তিটিকে ওই খামারের মালিক মইন উদ্দিন বলে শনাক্ত করেছে। ঢাকায় বন সংরক্ষক তপন কুমার দে (বন্য প্রাণী ও বন সংরক্ষণ) ওই আলোচিত ঘটনাটিকে নৃশংস বলে মন্তব্য করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, আলোচিত হরিণ খামারটির মালিক মইন উদ্দিন মূলত অস্ট্রেলিয়াপ্রবাসী। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনি শহরে রয়েছেন। ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়ে ওই কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন।
বন বিভাগ সূত্র জানায়, বাংলাদেশে বেসরকারি উদ্যোগে চিত্রল হরিণ প্রতিপালনের জন্য অনুমোদন দেওয়া হলেও এর জন্য কোনো সুস্পষ্ট বিধিমালা নেই। এ পর্যন্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে প্রায় ৩০০ লাইসেন্স দেওয়া হয়েছে। নতুন লাইসেন্স দেওয়া ছয় মাস ধরে বন্ধ রয়েছে এবং এখন নতুন বিধিমালা প্রণয়নের কাজ চলছে।