মামলা হলেও গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তাকে মারধর ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হওয়ার দুই দিনেও পুলিশ আসামিকে ধরতে পারেনি।
মারধরের শিকার চিকিৎসা কর্মকর্তার নাম মনিরুল ইসলাম। তিনি বলেন, ওই ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। পুলিশ আসামিদের ধরছে না।
তবে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী বলেন, আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা যাচ্ছে না। মামলা যখন হয়েছে, আসামিও গ্রেপ্তার হবে।
এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন মনিরুল ইসলাম। পথে বি-ব্লক বাজারের কামারপাড়া সড়কে হেঁটে যাচ্ছিলেন মামুনুর রশিদের মা মজিদা বেগম। এ সময় মোটরসাইকেলটি মজিদা বেগমের গায়ে ওঠার উপক্রম হয়। পরে তিনি মজিদা বেগমকে বলেন, ‘রাস্তায় চলাচলের সময় একপাশ দিয়ে সাবধানে হাঁটা উচিত।’ এ সময় পাশেই ছিলেন মামুনুর রশিদ। তিনি মনিরুলের ওপর চড়াও হয়ে থাপড় মারেন এবং মোটরসাইকেলটি কেড়ে নেন।
মামুনুর রশিদ দাবি করেন, ‘মায়ের গায়ের ওপর মোটরসাইকেল তুলে দিয়ে ক্ষমা না চেয়ে উল্টো গালি দিচ্ছিলেন ওই যুবক। আমি রাগ সামলাতে না পেরে বখাটে ভেবে ওই যুবককে চড়-থাপড় মেরেছি। আমি অনুতপ্ত। তাঁর অভিভাবকদের কাছে ফোন করে ক্ষমাও চেয়েছি।’
চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, ওই নারীকে বাঁচাতে গিয়ে তিনি নিজেই পড়ে যান। তারপরও আক্রমণ করে বসেন স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা ও তাঁর তিন-চারজন সহযোগী।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বগুড়া শাখার সাধারণ সম্পাদক রেজাউল আলম বলেন, আসামিদের দু-এক দিনের মধ্যে না ধরলে কঠোর আন্দোলন কর্মসূচি দেবে।