মামলা হয়নি, আটকও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় ঘরে ঢুকে শিক্ষক দম্পতিকে কুপিয়ে জখমের ঘটনায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মামলা হয়নি। এ ঘটনায় পুলিশও কাউকে আটক করতে পারেনি। ওই ঘটনার প্রতিবাদে গতকাল সকালে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে নিজ বাড়ির ঘরে শিক্ষক মোহাম্মদ আলী ইসা (৫২) ও শামসুন্নাহার খানমকে (৪৬) জখম করে দুর্বৃত্তরা। আলী ইসা কুষ্টিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। শামসুন্নাহার পৌর এলাকার জগতি কে এস এম কলেজের প্রভাষক। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী গতকাল সন্ধ্যা সাতটার দিকে বলেন, ‘আমরা ঘটনার কারণ উদ্ঘাটনের চেষ্টা করছি।’
এদিকে শিক্ষক দম্পতির ওপর হামলার ঘটনার প্রতিবাদে গতকাল সকাল ১০টায় কুষ্টিয়া সরকারি কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।