মামলা হয়নি, গ্রেপ্তারও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম হত্যার ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। এ হত্যায় জড়িত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ।
গত শনিবার রাতে পশ্চিম আগারগাঁওয়ে বাসার সামনে জাহাঙ্গীরকে দুই যুবক গুলি করে হত্যা করে। তিনি গুম হওয়া ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ ওরফে নূর হাজির জামাতা ছিলেন।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে কয়েকজন সন্দেহভাজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, স্বজনেরা লাশ নিয়ে গ্রামের বাড়ি নেত্রকোনায় যাওয়ায় মামলা হয়নি। স্বজনেরা মামলা করতে দেরি করলে আজ মঙ্গলবার পুলিশ বাদী হয়ে মামলা করবে।