মামলা হয়নি, জাসদ নেতাকে দায়ী করছে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুরে সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া পল্লিচিকিৎসক লুৎফর রহমান ওরফে সাবুকে কুপিয়ে হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। মামলাও হয়নি। এই হত্যাকাণ্ডের জন্য উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন জাসদের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমানকে দায়ী করছে লুৎফরের পরিবার।

লুৎফরের ছোট ভাই হাবিবুর রহমান অভিযোগ করেন, হত্যার পেছনে জাসদ নেতা মশিউর রহমান ও তাঁর লোকজন জড়িত। পরিবারের কয়েকজন সদস্য জানান, হত্যা মামলায় জাসদ নেতার নাম উল্লেখ করা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য মামলা করতে দেরি হচ্ছে।

গতকাল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্ত করেন চিকিৎসক অরবিন্দু পাল। তিনি প্রথম আলোকে বলেন, লুৎফর রহমানের মাথা, হাত ও বুকে কোপানোর অসংখ্য দাগ রয়েছে। সে কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এরপর লুৎফর রহমানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বেলা আড়াইটার দিকে এলাকার কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

গত বুধবার দুপুরে উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও লুৎফর রহমানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। প্রায় পাঁচ মাস আগে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এর আগে গত বছর আমবাড়িয়া ইউনিয়ন থেকে বিএনপির প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জাসদ প্রার্থী মশিউরের কাছে হেরে যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন আহম্মেদকে প্রত্যাহার করে খুলনা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। তাঁর পরিবর্তে রফিকুল ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তাকে মিরপুর থানার ওসি করা হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম। রফিকুল ইসলাম এর আগে দিনাজপুরে কর্মরত ছিলেন।

দায়িত্বে অবহেলার অভিযোগে জালাল উদ্দীনকে প্রত্যাহারের দাবি ওঠে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে।