নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে ছাত্রী লাঞ্ছনার ঘটনায় আইনানুগ ব্যবস্থা না নিয়ে গতকাল রোববার আবারও বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে সালিস বসে। তবে লাঞ্ছিত ছাত্রী সালিসে উপস্থিত না হওয়ায় মীমাংসার উদ্যোগ ভেস্তে গেছে। পরে অভিযুক্ত বখাটে রাসেল হোসেনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
বখাটে রাসেল উপজেলার হালিমপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। গত বৃহস্পতিবার সে পরীক্ষাকেন্দ্রে ঢুকে ওই ছাত্রীকে লাঞ্ছিত করে। এ ব্যাপারে ওই দিনই কেন্দ্রসচিব থানায় লিখিত অভিযোগ দেন।
বাগাতিপাড়া থানা, বিদ্যালয় ও লাঞ্ছিত ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে ওই সালিস বসে। সেখানে প্রধান শিক্ষক খালিদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবীব, থানার উপপরিদর্শক রুস্তম আলী, স্থানীয় ইউপি সদস্য আবদুল মতিনসহ অভিযুক্ত তরুণ রাসেল ও তার অভিভাবকেরা উপস্থিত ছিলেন। ওই সালিসে হাজির হওয়ার জন্য ভুক্তভোগী মেয়ে ও তার মা-বাবাকে বারবার খবর পাঠানো হয়। এমনকি রাসেলের পক্ষের চার-পাঁচজন লোক মেয়েটির বাড়িতে গিয়ে সালিসে হাজির হতে মেয়েটির বাবাকে চাপ দেন।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় মুঠোফোনে মেয়েটি বলে, সকাল থেকে লোকজন তাদের বাড়িতে এসে বলেন, ইউএনও সাহেব তার বাবাকে সালিসে যেতে বলেছেন। কিন্তু দায়িত্বশীল কেউ সরাসরি না ডাকায় এবং এ ব্যাপারে মামলা না হওয়ায় তারা সালিসে যায়নি।
এদিকে বিকেল পাঁচটা পর্যন্ত ভুক্তভোগী মেয়েটির পক্ষের কেউ হাজির না হওয়ায় সালিস ভেস্তে যায়। এ সময় রুস্তম আলী অভিযুক্ত তরুণকে থানা হেফাজতে নেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম অভিযুক্ত তরুণকে থানা হেফাজতে নেওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে যাওয়ায় ছেলেটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তবে তখন পর্যন্ত কোনো মামলা হয়নি। নতুন করে এজাহার নেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।
কেন্দ্রসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ হোসেন বলেন, মীমাংসা না হওয়ায় মামলা করার জন্য তিনি আবারও লিখিত অভিযোগ দিয়েছেন। এখন মামলা হবে। কেন তিনি বারবার মীমাংসার উদ্যোগ নিচ্ছেন, জানতে চাইলে বলেন, ‘আমি না। স্থানীয় গণ্যমান্য লোকজনের অনুরোধে মীমাংসার জন্য বসেছিলাম। সেখানে সহকারী কমিশনারও ছিলেন।’
আহসান হাবীব বলেন, দুপক্ষ বসে মীমাংসার উদ্যোগ নিয়েছে শুনে তিনি সেখানে গিয়েছিলেন। তবে মেয়েপক্ষ না আসায় তিনি চলে এসেছেন। সেই সঙ্গে পুলিশকে নিয়মিত মামলা নিতে বলেছেন।