বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ছাত্রলীগের নেতা ইব্রাহীম হোসেন ওরফে সবুজ (২১) হত্যা মামলায় সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার শহরের ফুলবাড়ি এলাকা থেকে জীবন (২৫) ও সুনীল (২৪) নামে ওই দুজনকে আটক করে সদর থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাত আটটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
পারিবারিক সূত্র জানায়, ময়নাতদন্ত শেষে ইব্রাহীমের লাশ তাঁর গ্রামের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার লহড়াপাড়া গ্রামে আনা হয়। শুক্রবার বাদ জুম্মা জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, ইব্রাহীমের পরিবার থেকে গতকাল রাত পর্যন্ত কোনো মামলা করা হয়নি। তবে জড়িত সন্দেহে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নুরুল ইসলামকে আটকের চেষ্টা চলছে।
গত বৃহস্পতিবার দুপুরে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের পুরোনো ভবন এলাকায় কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে বগুড়া শহরের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও তাঁর সহযোগীদের সংঘর্ষ হয়।
এ সময় নুরুলের নেতৃত্বে তাঁর সহযোগীদের উপর্যুপরি ছুরিকাঘাতে বাংলা বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ইব্রাহীম হোসেন নিহত হন।
ঘটনার পর জেলা ছাত্রলীগ অভিযোগ করে আসছে, পুলিশের উপস্থিতিতেই সন্ত্রাসীরা ঠান্ডা মাথায় এই খুন করেছে। ঘটনার পর সদর থানার ওসি এমদাদ হোসেনকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক বলেন, আজ শনিবার আন্দোলনের কর্মসূচি বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।