চট্টগ্রামে নৌবাহিনীর ঘাঁটি ঈশা খাঁর দুটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত থানায় কোনা মামলা হয়নি। ওই ঘটনায় হাতেনাতে ধরা পড়া রমজান আলী ও আবদুল মান্নানকেও থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।
ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) তারেক মাহমুদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘বোমা বিস্ফোরণের ঘটনায় আটক দুজন কোথায় আছেন, তাঁদের থানায় হস্তান্তর করা হবে, নাকি সামরিক আদালতে বিচার হবে—এ বিষয়ে কিছুই জানি না। এ বিষয়ে থানার পুলিশের সঙ্গে কেউ যোগাযোগ করেননি।’
গত শুক্রবার জুমার নামাজের সময় একযোগে ঈশা খাঁ ঘাঁটির দুটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছয়জন আহত হন। ঘটনাস্থল থেকে নৌবাহিনীর ‘ব্যাটম্যান’ রমজান আলী ও ‘বল পিকার’ আবদুল মান্নানকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য র্যা বের হেফাজতে দেওয়া হয়েছে বলে ওই দিন বিভিন্ন সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছিল । অবশ্য এ বিষয়ে র্যা ব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘এটি নৌবাহিনীর বিষয়। র্যা ব কিছু জানে না।’
এ বিষয়ে নৌবাহিনী বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকেও গতকাল কিছু জানানো হয়নি। গত রাতে যোগাযোগ করা হলে আইএসপিআরের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তাঁদের কাছে নতুন কোনো তথ্য নেই।
এর আগে শুক্রবার সন্ধ্যায় আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, চট্টগ্রামে নৌবাহিনীর ঘাঁটি ঈশা খাঁ মসজিদে শুক্রবার জুমার নামাজের পর দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ওই বিস্ফোরণে পাঁচ থেকে ছয়জন সামান্য আহত হন।
গতকাল নৌবাহিনীর হাসপাতাল ফটকে গিয়ে দেখা যায়, নৌঘাঁটির ভেতরে প্রবেশের ক্ষেত্রে আরও কড়াকড়ি করা হয়েছে। প্রবেশের মুখে সবাইকে তল্লাশি করতে দেখা গেছে। নারীদের তল্লাশির জন্য ফটকের ভেতরে ছোট ছাউনি তৈরি করা হয়েছে। গতকাল ঢাকা থেকে পুলিশের বিশেষ শাখার কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা এ বিষয়ে গণমাধ্যমকে কিছু বলতে রাজি হননি। চট্টগ্রাম মহানগর পুলিশের কোনো কর্মকর্তাও এ বিষয়ে মুখ খুলছেন না।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জানিয়েছে, ঈশা খাঁ ঘাঁটির মসজিদে বিস্ফোরণের পর যেসব বোমা উদ্ধার করা হয়েছে, সেগুলোর সঙ্গে গত ৫ অক্টোবর কর্ণফুলী থানার খোয়াজনগরের একটি বাসা থেকে উদ্ধার করা বোমার মিল রয়েছে। নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) খোয়াজনগরের ওই বাসা থেকে নয়টি গ্রেনেড-সদৃশ হাতবোমা, অস্ত্র, গুলিসহ জেএমবির ‘চট্টগ্রাম অঞ্চলের সামরিক কমান্ডার’ তৌফিকুল ইসলাম ওরফে জাবেদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। অবশ্য পরদিন নগরের অক্সিজেন এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে জাবেদ বোমা বিস্ফোরণে নিহত হন। অন্যরা এখন কারাগারে আছেন।
আটক দুজন এলাকা ছাড়েন চার-পাঁচ বছর আগে:
প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি ও বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, চট্টগ্রামে নৌবাহিনীর ঘাঁটি ঈশা খাঁর মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক হওয়া দুজনই চার-পাঁচ বছর আগে নিজ নিজ এলাকা ছাড়েন বলে উভয়ের গ্রামের লোকজন বলেছেন।
এর মধ্যে রমজান আলী ওরফে রাজুর আটক হওয়ার খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা শুক্রবার রাতেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন।
রমজানের বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামে। তাঁর বাবার নাম আহসান হাবিব। দিনাজপুর পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) সুজন সরকার গতকাল প্রথম আলোকে বলেন, শুক্রবার রাতেই পুলিশ ওই বাড়িতে যায়। কিন্তু কাউকে পায়নি, ঘরের দরজায় তালা লাগানো ছিল।
স্থানীয় সূত্রগুলো জানায়, রমজানের বাবা আহসান হাবিব সম্পন্ন গৃহস্থ। রমজান দিনাজপুরের একটা বেসরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছেন। তবে লেখাপড়া শেষ করেছেন কি না, তা কেউ নিশ্চিত করতে পারেননি।
একজন প্রতিবেশী বলেন, প্রায় পাঁচ বছর আগে রমজান এলাকা ছেড়েছেন। এলাকার লোকজন জানতেন যে রমজান ঢাকায় তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। মাঝেমধ্যে বাড়িতে এলে দু-এক দিন থাকতেন। কারও সঙ্গে মিশতেন না। কেবল বাড়ির পাশের মসজিদে যেতেন নামাজ পড়ার জন্য। ওই পাঞ্জেগানা মসজিদে তাঁর বাবা আহসান হাবিব ইমামতি করতেন বলে জানিয়েছেন কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী।
ওসি বলেন, আহসান হাবিব জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি কোনো পদে না থাকলেও জামায়াতের সভা-সমাবেশে যেতেন।
আটক অপর ব্যক্তি আবদুল মান্নানের বাড়ি টাঙ্গাইল শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের হাবলা দক্ষিণপাড়া গ্রামে। তাঁর বাবা মাওলানা মফিজুর রহমান অনেক আগে মারা গেছেন। পাঁচ ভাইয়ের মধ্যে মান্নান চতুর্থ। দুই ভাই অটোরিকশা চালান এবং দুজন রাজমিস্ত্রি।
বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নাম-ঠিকানা যাচাই করে নিশ্চিত হয়েছেন যে চট্টগ্রামে ধরা পড়া মান্নান হাবলা দক্ষিণপাড়ার মাওলানা মফিজুর রহমানের ছেলে।
গতকাল বিকেলে বাড়িতে পাওয়া যায় মেজো ভাই আবদুল কাহ্হারের স্ত্রী রাশেদা বেগমকে। তিনি বলেন, মান্নান হাবলা গ্রাম নাহালী এএইচ মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। এরপর গোবরা ভোকেশনাল ইনস্টিটিউটের কারিগরি শাখায় ভর্তি হন। এরপর চার-পাঁচ বছর আগে তিনি ঢাকায় চলে যান। বাড়ির লোকজন জানতেন, মান্নান ঢাকায় বই ও পত্রিকা বিক্রি করেন।
রাশেদা আরও বলেন, মান্নানের বাড়ির সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল না। মাঝেমধ্যে কেবল মাকে ফোন করতেন। প্রায় এক বছর পর মাস খানেক আগে তিনি বাড়িতে আসেন। সাপ্তাহ খানেক ছিলেন। কারও সঙ্গে মেশেননি। শুক্রবার রাতে র্যা ব ও পুলিশ বাড়িতে তল্লাশি করতে আসার পর তাঁরা জেনেছেন যে রমজান চট্টগ্রামে আটক হয়েছেন।
পাশের বাড়ির দুই যুবক যোবায়ের হোসেন ও মিরাজ হোসেন বলেন, চার-পাঁচ বছর ধরে রমজানকে এলাকায় দেখেননি। তিনি ঢাকায় পত্রিকা বিক্রি করতেন বলে তাঁরা জানতেন।