মামলা হয়েছে, লুটের টাকা মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের ফার্স্ট ট্র্যাক বুথে প্রায় দুই কোটি টাকা লুটের ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। এতে অজ্ঞাত ১২-১৩ জনকে আসামি করা হয়েছে।

মিরপুরের মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ আফজালুল আবেদিন বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে ১ কোটি ৮৩ লাখ ২১ হাজার ৫০০ টাকা লুট করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মজিদ বকুল জানান, টাকা উদ্ধারে তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতভর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছেন। টাকা উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে শিগগিরই এ টাকা উদ্ধার ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা যাবে বলে তাঁদের প্রত্যাশা।

এ ঘটনায় বুথের নিরাপত্তাকর্মীসহ নয়জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও তাঁদের কাউকে আটক দেখানো হয়নি।

মামলার বাদী লে. কর্নেল (অব.) সৈয়দ আফজালুল আবেদিন জানান, তাঁরা দীর্ঘ দিন ধরে ডাচ্-বাংলা ব্যাংকের সঙ্গে ব্যবসা করছেন। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। ডাকাতেরা ওই বুথ থেকে ১ কোটি ৮৩ লাখ ২১ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া জানান, লুণ্ঠিত টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে টাকার দুটি খালি ট্রাংক ও একটি এটিএম কার্ড ময়মনসিংহের ফুলবাড়িয়ার বাঁশদি গ্রামের একটি পুকুরের পাড় থেকে উদ্ধার করা হয়েছে।

গত বুধবার রাতে গাজীপুরের কালিয়াকৈরে ডাচ্-বাংলা ব্যাংকের ফার্স্ট ট্র্যাক বুথে টাকা রাখার সময় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা দুটি ট্রাংকভর্তি ১ কোটি ৮৩ লাখ ২১ হাজার ৫০০ টাকা লুটে নিয়ে যায়।