মামলা হয়েছে, সাত দিনের রিমান্ডে এক কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুর প্রতি নিষ্ঠুরতা
শিশুর প্রতি নিষ্ঠুরতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোবেদা টেক্সটাইল মিলে শিশুশ্রমিক সাগর বর্মণকে (৯) পায়ুপথে বাতাস ঢুকিয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগে মামলা হয়েছে। শিশুটির বাবা রতন বর্মণ (৭০) গত রোববার রাতে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। এরপর কারখানার এক কর্মকর্তাকে গ্রেপ্তার করে গতকাল সোমবার সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
গত রোববার দুপুরে কারখানায় শিশু সাগর অসুস্থ হয়ে পড়ে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
রূপগঞ্জ থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, কারখানার ৫ নম্বর ইউনিটের হাওয়া মেশিনের পাইপ পায়ুপথে ঢুকিয়ে সাগরকে হত্যা করা হয় বলে জানা গেছে।
মামলায় কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল হুদা, ব্যবস্থাপক (উৎপাদন) হারুনুর রশিদ (৪৮), জ্যেষ্ঠ উৎপাদন কর্মকর্তা আজহার ইমাম ওরফে সোহেল (৩৬), সহকারী উৎপাদন ব্যবস্থাপক রাশেদুল ইসলামসহ (৪০) অজ্ঞাতনামা তিন-চারজন লাইনম্যান ও সুপারভাইজারকে আসামি করা হয়েছে। এজাহারে রতন বর্মণ বলেন, কাজে সামান্য ত্রুটি পেলেই আসামিরা তাঁকে ও তাঁর ছেলে সাগরকে গালাগাল ও মারধর করতেন। সাগর মাঝেমধ্যে নির্যাতনের প্রতিবাদ করত। এতে ক্ষুব্ধ হয়ে আসামিরা সাগরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করেছেন।
আসামিদের মধ্যে নাজমুল হুদাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকি আসামিরা পলাতক রয়েছেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, নাজমুলকে গতকাল বিকেলে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশিক ইমামের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে সাগরের লাশ সৎকারের জন্য নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলার রাজীবপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। সাগরের পরিবার রূপগঞ্জের দীঘিবরাব এলাকায় সাত্তার মেম্বারের বাড়িতে ভাড়া থাকত।
নিন্দা: শিশু সাগর বর্মণকে হত্যার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মানবাধিকার ও সামাজিক সংগঠন। গতকাল দেওয়া বিবৃতিতে এই ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করা হয়। এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, শিশু অধিকার সংরক্ষণে কাজ করা কয়েকটি সংগঠনের জোট চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।