মুদি দোকানে চুরি করার অভিযোগে নাটোরের বড়াইগ্রামের মালিপাড়া গ্রামের এক কিশোরসহ দুজনকে নির্যাতনের ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটা পর্যন্ত মামলা হয়নি। এ ব্যাপারে গ্রামে সালিস বসার কথা থাকলেও তাও হয়নি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, পুলিশের পক্ষ থেকে আহতদের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও রহস্যজনক কারণে তারা মামলা করতে সম্মত হয়নি। এ কারণে ওই ঘটনা নিয়ে থানায় কোনো মামলা নথিভুক্ত হয়নি। তবে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছেন। সন্ধান করেও তাঁদের পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামরুল ইসলাম বলেন, এই ঘটনা নিয়ে পরিষদের উদ্যোগে গতকাল বিকেলে স্থানীয়ভাবে সালিস অনুষ্ঠানের কথা থাকলেও তা হয়নি। সালিসে বসার ব্যাপারে কারও আগ্রহ না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা নিয়ে কেউ ঝামেলায় জড়াতে চাচ্ছেন না বলে তিনি মনে করেন।
গতকাল বৃহস্পতিবার সকালে আহতদের বাড়িতে গিয়ে দেখা যায়, তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছে। এ সময় আহত কিশোর শাকিল কাজী জানায়, সে এখনো অসুস্থ। সুস্থ না হয়ে এ ব্যাপারে সে কোনো পদক্ষেপ নিতে পারছে না। তা ছাড়া পরিবারের লোকজন গ্রামে বসবাসের স্বার্থে এ নিয়ে ঝামেলায় জড়াতে চাচ্ছেন না। আবু সামার পরিবারের পক্ষ থেকেও একই ধরনের বক্তব্য পাওয়া গেছে। আবু সামা এ নিয়ে সালিসেও বসতে রাজি না। তিনি বলেন, ‘আল্লাহ বিচার করবেন।’