খুলনার লবণচরা থানা যুবলীগের কর্মী ইমরান সজিব আকন হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর বাবা নজরুল ইসলাম আকন। গতকাল শুক্রবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নজরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ‘দুই-একটি পত্রিকায় পড়েছি হত্যার দিন ও তার আগের দিন হাফিজ (মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাফিজ) নাকি খুলনাতে ছিলেন না। অথচ ছেলের লাশ দাফনের পর ১৯ জুন রাতে কয়েকজন আমাকে খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমানের বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে দেখা যায়, মামলার প্রধান আসামি হাফিজ তাঁর লোকজন নিয়ে সেখানে বসে আছেন। এরপর আমি, হাফিজ, যুবলীগের পপলু, হাফেজ শামীম ও সাগর সাংসদের সামনে যাই। তখন পপলু ঘটনা জানতে চাইলে সব খুলে বলি। রাত দেড়টার দিকে সাংসদ ও পপলু আমাকে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। তাহলে খুনের দুই দিন হাফিজ কীভাবে খুলনার বাইরে ছিলেন বুঝতে পারছি না।’
সজিবের বাবা নজরুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকায় অভিযোগ ওঠে, তিনি ফ্রিডম পার্টির সদস্য ছিলেন এবং ছেলে হত্যা নিয়ে বাণিজ্য করছেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি কখনো ফ্রিডম পার্টির সঙ্গে ছিলাম না। এ ব্যাপারে আমার কোথাও কোনো নাম নেই। যদি থাকে সে নামটি পুলিশের ডায়েরিতেও থাকবে। ছেলের মৃত্যু নিয়ে কোনো বাবা বাণিজ্য করতে পারেন না।’
১৯ জুন কুপিয়ে এবং বাঁ হাত বিচ্ছিন্ন করে সজিবকে হত্যা করা হয়। এ ঘটনায় সজিবের বাবা মহানগর যুবলীগের নেতা হাফিজুর রহমান হাফিজসহ ১০ জনকে আসামি করে মামলা করেন। হাফিজসহ অন্য আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন বলেন, হাফিজ ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।