মামলার আরেক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে মেয়ের শ্লীলতাহানির বিচার না পেয়ে দিশেহারা হয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে বাবা-মেয়ের আত্মহত্যার ঘটনায় করা মামলার আসামি মো. ফাইজুদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে নরসিংদী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফাইজুদ্দিন শ্রীপুর উপজেলার কর্ণপুর (সিটপাড়া) গ্রামের বাসিন্দা।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল হক মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর শিবপুর উপজেলার কানাউটা গ্রামের হানিফ মিয়ার বাড়িতে গতকাল সকালে অভিযান চালিয়ে ফাইজুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ নরসিংদীতে ওই আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন তিনি। এ নিয়ে এই মামলার প্রধান আসামিসহ ছয়জন গ্রেপ্তার হলেন।

মেয়ের শ্লীলতাহানি, গরু চুরি যাওয়া ও প্রতিবেশীদের হামলার হুমকির বিচার না পেয়ে শ্রীপুরের কর্ণপুর সিটপাড়া গ্রামের হযরত আলী তাঁর আট বছর বয়সী মেয়েকে নিয়ে গত ২৯ এপ্রিল ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মঘাতী হন। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে হযরত আলীর স্ত্রী হালিমা সাতজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন।