মামলার আসামিদের শুভেচ্ছা ও অভিনন্দনবার্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাবেদ হোসেন খান (গোল চিহ্নিত) বিলবোর্ডে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ছবিটি গতকাল চট্টগ্রামের ষোলশহর ২ নম্বর গেট থেকে তোলা l প্রথম আলো
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাবেদ হোসেন খান (গোল চিহ্নিত) বিলবোর্ডে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ছবিটি গতকাল চট্টগ্রামের ষোলশহর ২ নম্বর গেট থেকে তোলা l প্রথম আলো

বিলবোর্ডে নিজেদের ছবিসহ বড় ডিজিটাল রঙিন ব্যানার টানিয়ে চট্টগ্রাম নগরবাসীকে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মামলার কয়েকজন আসামি। তাঁদের মধ্যে একজন ধর্ষণ মামলায় হাজতবাস করেছেন। কারও বিরুদ্ধে রয়েছে মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ।
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানার টানানো হয়েছে। এসব ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুবলীগের কেন্দ্রীয় ও নগর নেতাদের পাশাপাশি শুভেচ্ছাবার্তা, অভিনন্দন জানানো নেতাদের ছবি রয়েছে। কোনো কোনোটিতে কাল শনিবার নগরে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সাফল্য কামনা করা হয়েছে।
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল ১০টায় জিইসি কনভেনশন সেন্টারে ‘যুব জাগরণ’ নামে আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগ। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রধান অতিথি থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে কয়েকজন মন্ত্রী, সাংসদ ছাড়াও যুবলীগের কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
অবশ্য প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের যুবলীগ ৯৭টি গরু, ১৪২টি খাসি ও ৬০০ মণ চাল দিয়ে প্রীতিভোজ আয়োজনের প্রস্তুতি নিয়েছিল। এ নিয়ে ৭ নভেম্বর ‘চট্টগ্রাম যুবলীগের জব্বর আয়োজন’ শিরোনামে প্রথম আলোয় খবর প্রকাশিত হলে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ওই প্রীতিভোজ বাতিলের নির্দেশ দেন। এরপর শনিবারের আলোচনা সভাতেই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সীমাবদ্ধ রাখা হয়। এই আলোচনা সভাকে কেন্দ্র করেই ডিজিটাল ব্যানার টানানো হয়েছে।
নগরের ওয়াসা মোড়ে গতকাল বৃহস্পতিবার চোখে পড়ে বিশাল এক ডিজিটাল ব্যানার। এটি টানানো হয়েছে মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সহীদুল ইসলাম শামীমের নাম ও ছবি দিয়ে। এতে বলা হয়েছে, যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘যুব জাগরণ’ সফল হোক। জিইসি মোড়, লালখান বাজার ও টাইগারপাস এলাকায় তিনি এমন আরও কয়েকটি ব্যানারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।
সহীদুল ১৯৯৯ সালে টাইগারপাস মোড়ে সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আমিনুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি। ১৯৯৯ সালের ২৪ মার্চ আমিনুলকে গুলি করা হয়, চিকিৎসাধীন অবস্থায় ২৭ মার্চ তিনি হাসপাতালে মারা যান। মামলাটি আদালতে বিচারাধীন। ১৯৯৯ সালে দেওয়ানহাটের পোশাক কারখানা গুলশান গার্মেন্টসের ২৮ লাখ টাকা ছিনতাই মামলায়ও সহীদুল আসামি। টাইগারপাসে একজন প্রকৌশলী হত্যা মামলারও আসামি তিনি। সহীদুলের বিরুদ্ধে হত্যা মামলা থাকার বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভুঁইয়া।
এ ব্যাপারে বক্তব্যের জন্য বারবার যোগাযোগের চেষ্টা করেও সহীদুলের সাড়া পাওয়া যায়নি।
ষোলশহর ২ নম্বর গেট থেকে অক্সিজেন মোড় পর্যন্ত এলাকায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নয়টি ব্যানার টানিয়েছেন নগর যুবলীগের সদস্য জাবেদ হোসেন খান। তিনি একটি ধর্ষণ মামলায় ১৩ মাস কারাগারে ছিলেন। গত মাসে ষোলশহর ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার রেজাউর রহমানের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে। জাবেদ খান বলেন, ‘মিথ্যা ধর্ষণ মামলার কারণে ১৩ মাস কারাগারে ছিলাম। পরে ওই মামলার কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। ষোলশহর ভূমি কার্যালয়ে আমি যাইনি।’ তিনি নিজে দুটি ব্যানার টানানোর কথা স্বীকার করেন।

আলমগীর হোসেন (গোল চিহ্নিত) বিলবোর্ডে শুভেচ্ছা জানিয়েছেন। চট্টগ্রাম নগরের আগ্রাবাদ থেকে গতকাল বেলা আড়াইটায় তোলা ছবি l প্রথম আলো
আলমগীর হোসেন (গোল চিহ্নিত) বিলবোর্ডে শুভেচ্ছা জানিয়েছেন। চট্টগ্রাম নগরের আগ্রাবাদ থেকে গতকাল বেলা আড়াইটায় তোলা ছবি l প্রথম আলো

শুলকবহর ওয়ার্ড যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী আবুল বাশারের ছবিসহ পাঁচটি ডিজিটাল ব্যানার রয়েছে ষোলশহর, মুরাদপুর ও চশমা হিল এলাকায়। ষোলশহরে দুই যুবককে হত্যার মামলায় এক আসামি বাশারকে জড়িয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে খুলশী থানার ওসি প্রথম আলোকে নিশ্চিত করেন। গত ১৪ মার্চ ষোলশহর এলাকার একটি সেপটিক ট্যাংক থেকে ওই দুই যুবকের লাশ উদ্ধার করা হয়।
ব্যানার টানানোর বিষয়ে আবুল বাশার বলেন, ‘আমি শুলকবহর ওয়ার্ড যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য। এ কারণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুটি বিলবোর্ডে নিজের ছবি লাগিয়ে নগরবাসীকে শুভেচ্ছাবার্তা দিয়েছি।’ জোড়া খুনের বিষয়ে তিনি বলেন, ‘ওই ঘটনায় আমার নাম এসেছে কি না, জানি না।’
২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী (আলো) চৌমুহনী ও আগ্রাবাদে বিশাল ব্যানার টানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। কয়েক মাস আগে তিনি ইয়াবা বড়িসহ র্যা বের হাতে আটক হন। তাঁর বিরুদ্ধে ওই এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করে আলমগীরকে পাওয়া যায়নি।
ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আলো এলাকায় মাদকসম্রাট হিসেবে পরিচিত হলেও ডবলমুরিং থানার পুলিশের হাতে কখনো ধরা পড়েননি। বায়েজিদ থানার পুলিশ ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করলে তিন মাস কারাগারে ছিলেন। ইয়াবা বড়িসহ তিনি একবার র্যা বের হাতেও গ্রেপ্তার হয়েছিলেন।’
নগর যুবলীগের সাবেক নেতা এহসানুল আলম আগ্রাবাদের বাদামতলী মোড়ে একটি ব্যানার লাগিয়েছেন। প্রতারণার অভিযোগে তাঁকে সদরঘাট থানার পুলিশ একবার আটক করেছিল বলে জানা গেছে।
নগর ছাত্রলীগের সাবেক একজন নেতা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘নগর যুবলীগের কমিটিতে অনেক সন্ত্রাসী ও চাঁদাবাজ জায়গা পেয়েছেন। আর বিলবোর্ড ব্যবসায়ীদের হাতে যুবলীগ নিয়ন্ত্রিত হচ্ছে। এ কারণে চট্টগ্রামে যুবলীগের কর্মকাণ্ড গণমানুষের আকাঙ্ক্ষার বিপরীতে যাচ্ছে। এতে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’
ওই সব ব্যক্তিদের শুভেচ্ছা বার্তার ব্যানার টাঙানোর বিষয়ে মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু গতকাল প্রথম আলোকে বলেন, ‘আলোকে তাঁর ব্যানার নামিয়ে ফেলতে বলেছিলাম। ওই ব্যানার নামিয়ে ফেলার কথা। আর যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাবে, তাঁদের ব্যানারও নামানোর ব্যবস্থা করা হবে।’