মামলার খরচ জোগাতে ভাতিজাকে অপহরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ বছরের শিশু মাহিদ বগুড়া শহরের ওয়াইএমসিএ স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। ছোট্ট চাচ্চু ফেরদৌস রহমান ওরফে ফিজুর (২৮) সঙ্গে তার খুব ভাব। সেই ছোট্ট চাচ্চু গত বুধবার মোটরসাইকেল চালানো শেখানোর কথা বলে মাহিদকে। চাচার কথায় সাড়া দেয় সে।
কিন্তু সেটাই কাল হয়ে দাঁড়ায় মাহিদের। হত্যা মামলার খরচ জোগাতে অর্থের লোভে নিজের আপন ভাতিজাকে অপহরণ করেন ফেরদৌস। এরপর পরিচয় গোপন রেখে ভাই-ভাবির কাছে মুক্তিপণের দুই লাখ টাকা দাবি করেন তিনি। ছেলেকে উদ্ধারে মাহিদের বাবা মাসুদ রানা দ্বারস্থ হন সদর থানা-পুলিশের। পুলিশ মুক্তিপণের টাকা লেনদেনের নামে মাহিদকে উদ্ধারে বাবা মাসুদ রানাকে দিয়ে ফাঁদ পাতে। সেই ফাঁদে পা দেন ফেরদৌস। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মুক্তিপণের টাকা নিয়ে বগুড়া শহরের জ্বলেশ্বরীতলা এলাকার আলতাফুন্নেছা খেলার মাঠে ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাবের সামনে আসতে বলেন মাসুদ রানাকে। সেখানে মুক্তিপণের টাকার জন্য সহযোগীদের নিয়ে অবস্থান নেন ফেরদৌস। ঘটনাস্থলে পৌঁছায় সদর থানা-পুলিশের ছদ্মবেশী একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন ফেরদৌস। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় গুলিবিদ্ধ হন ফেরদৌস। এ ছাড়া ফেরদৌসের সঙ্গীদের গুলিতে আহত হন অভিযানে অংশ নেওয়া পুলিশের কনস্টেবল সুজয়। পুলিশ গুলিবিদ্ধ ফেরদৌসকে ধরে ফেলে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় গুলিভর্তি একটি বিদেশি রিভলবার ও একটি ম্যাগাজিন। তবে পুলিশ অপহরণকারীদের হাত থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে অপহৃত শিশু মাহিদকে।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক গতকাল শুক্রবার তাঁর কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে পুলিশ সুপার বলেন, ফেরদৌস একজন অস্ত্রধারী পেশাদার সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ফেরদৌস পুলিশের কাছে বলেছেন, মামলার খরচ জোগাতেই মুক্তিপণ আদায়ের জন্য নিজের ভাতিজাকে অপহরণ করেছিলেন। তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও কনস্টেবল সুজয়কে পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাহিদকে উদ্ধার অভিযানে অংশ নেওয়া বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, শিশুটির বাবা বুটিক ব্যবসায়ী মাসুদ রানা শহরের কাটনারপাড়ার হটু মিয়া লেনে থাকেন। তাঁর ছোট ভাই ফেরদৌস রহমান থাকেন শহরতলির বানদীঘি এলাকায়। গত বুধবার সন্ধ্যায় মাহিদকে মোটরসাইকেল চালানো শেখার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে অপহরণ করেন ফেরদৌস। এরপর তিনি মুঠোফোনে মাসুদ রানার কাছে ছেলের মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করেন। মাসুদ রানা তাৎক্ষণিকভাবে থানা-পুলিশের শরণাপন্ন হন।