মামলার পর আসামি গ্রেপ্তারেও গড়িমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের অভিযোগে মামলা নিতে গড়িমসির পর এখন আসামি গ্রেপ্তারে গড়িমসি শুরু করেছে রাজধানীর বনানী থানা-পুলিশ। গতকাল রোববার রাত ১০টা পর্যন্ত একজন আসামিকেও পুলিশ গ্রেপ্তার করেনি। মামলা নিতে যেখানে এত গড়িমসি, সেখানে তদন্ত সুষ্ঠু হবে কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
বনানী থানায় বাদী চারজনের নাম উল্লেখসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। আসামিরা হলেন শাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, শাফাতের গাড়িচালক বিল্লাল ও অজ্ঞাতনামা দেহরক্ষী। প্রধান আসামি শাফাত ও নাঈম। আসামিদের তিনজনই ধনাঢ্য পরিবারের সন্তান।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি, মিডিয়া) মাসুদুর রহমান বলেন, এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহারে বাদী বলেন, গত ২৮ মার্চ জন্মদিনের পার্টিতে তিনি ও তাঁর বান্ধবী ছাড়াও তাঁদের একজন ছেলেবন্ধু ছিলেন। অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার সময় শাফাত আহমেদ বলেছিলেন জন্মদিনের পার্টিটি ছাদে হবে। সেখানে অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু যাওয়ার পর তিনি শাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাকিফ সাদনান ছাড়া আরও দুজন মেয়েকে দেখতে পান। একপর্যায়ে তাঁরা বাড়ি ফিরে যেতে চাইলে শাফাত বাধা দেন। গাড়ির চাবি কেড়ে নিয়ে তাঁকে বেদম মারধর করেন। এরপর তাঁকে ও তাঁর বান্ধবীকে উপর্যুপরি ধর্ষণ করেন শাফাত আহমেদ ও নাঈম আশরাফ। শাফাত তাঁর গাড়িচালককে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করতে বলেন। এরপর শাফাতের ‘দেহরক্ষী’ তাঁকে অনুসরণ করতে শুরু করেন।
বাদী পুলিশের কাছে কিছু সাক্ষ্য-প্রমাণ জমা দিয়েছেন। তিনি দাবি করেন, ঘটনার দিন তাঁকে আসামি ১৮ বার ফোন করেন। ২৮ মার্চের পরও নানাভাবে যোগাযোগের চেষ্টা করেন। তবে ওই সাক্ষ্য-প্রমাণ যাচাই-বাছাই করা হয়েছে কি না, জানা যায়নি।
এদিকে গতকাল সকালে বাদী ও তাঁর বান্ধবীকে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ বলেন, পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দুই ছাত্রীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিষয়ে প্রতিবেদন জমা দিতে ১৫ থেকে ২০ দিন সময় লাগবে।