হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন থেকে অঞ্জনা রানী নম (১৬)–এর লাশ উদ্ধারের ঘটনায় অবশেষে মামলা নিয়েছে পুলিশ। হত্যা মামলায় স্বাস্থ্য কমপ্লেক্সেরই প্রধান সহকারী সজল কান্তি দেবকে (৫০) প্রধান আসামি করা হয়েছে। কিন্তু মামলার পরপরই সিভিল সার্জন সজল কান্তিকে অন্যত্র বদলি করেছেন।
এদিকে মামলা হলেও লাশের ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে শঙ্কিত অঞ্জনার পরিবার ও এলাকাবাসী। সজল কান্তি এ উপজেলায় টানা ২৫ বছর ধরে চাকরি করছেন। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের ব্যবহার করে তিনি ময়নাতদন্তের প্রতিবেদন পরিবর্তনের চেষ্টা করছেন।
নিহত অঞ্জনার বাবা রাজেন্দ্র নম বলেন, অভিযুক্ত ব্যক্তি নিজেই স্বাস্থ্য বিভাগে চাকরি করেন। তিনি ইতিমধ্যেই ময়নাতদন্ত প্রতিবেদন ভিন্ন খাতে নেওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন এবং প্রচুর টাকা ছড়াচ্ছেন।
পুলিশ ১৬ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থিত সজল কান্তির সরকারি বাসভবন থেকে অঞ্জনার লাশ উদ্ধার করে। তখন লাশটি ঘরের মেঝেতে পড়েছিল। এলাকাবাসীর ধারণা, হত্যার দুদিন পর পুলিশ লাশ উদ্ধার করেছে। অঞ্জনা তাঁদের বাসায় আট-নয় বছর ধরে গৃহপরিচারিকা হিসেবে কাজ করত।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ আবদুল হাকিম বলেন, ‘সজল নিশ্চয়ই অঞ্জনাকে ঘরে একা পেয়ে অনৈতিক কাজে লিপ্ত হয়েছিল। ঘটনা ফাঁস হবে ভেবে তাকে হত্যা করেছে।’
এদিকে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে উত্তাল হয়ে ওঠে নবীগঞ্জ উপজেলা সদর। গত সোম ও মঙ্গলবার নবীগঞ্জ হাইস্কুল মাঠে ও নতুন বাজার মোড়ে সমাবেশ করে এলাকাবাসী। এতে নিহত অঞ্জনার দত্তগ্রামসহ আশপাশের চার গ্রামের মানুষ জড়ো হয়। প্রতিবাদ সমাবেশ বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী প্রমুখ। সমাবেশে বক্তারা সজলকে অনতিবিলম্বে গ্রেপ্তার ও চাকরি থেকে অপসারণের দাবি জানান।
গত মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায়ও পুলিশের মামলা না নেওয়া ও আসামিকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষা কমিটির চাপে চার দিন পর মামলা নেয় পুলিশ। রাজেন্দ্র নম পাঁচজনকে আসামি করে এ হত্যা মামলা করেন। সজল কান্তি ছাড়াও তাঁর দুই স্ত্রী শিউলি দেব (৪২) ও শিউলি সরকার (৩৫) এবং তাঁদের দুই ছেলে অরূপ কান্তি দেব (২২) ও স্বরূপ কান্তি দেবকে (২৫) মামলায় আসামি করা হয়েছে। সজল কান্তি দেবের মুঠোফোনে একাধিকবার ফোন করে তা বন্ধ পাওয়া গেছে।
জেলা সিভিল সার্জন নাসিরউদ্দিন ভূঁইয়া বলেন, তাঁকে (সজল) নিয়ে ‘উত্তেজনাকর পরিবেশ’ সৃষ্টি হওয়ায় এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সজল কান্তি গতকাল পর্যন্ত নবীগঞ্জে তাঁর দায়িত্ব কাউকে বুঝিয়ে দেননি। এমনকি আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সেও যোগদান করেননি।