মামলার পর বড় ভাই নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় মাদ্রাসাছাত্রী স্মৃতি মনি হত্যার ঘটনায় মামলা করার পর থেকে তার বড় ভাই মো. টিটু নিখোঁজ আছেন। এই ঘটনায় গত মঙ্গলবার দুপুরে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গত শনিবার রাতে ফতুল্লার মধ্য ধর্মগঞ্জ এলাকার ভাড়া বাড়িতে স্মৃতি মনিকে (১৪) হত্যা করা হয়। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে ধর্মগঞ্জ ইসলামিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
এ ঘটনায় পরদিন রোববার তার মা তাছলিমা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। পরে হাবিব, ইব্রাহীম হোসেন ও নাহিদ নামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এর মধ্যে ইব্রাহীম গত সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, টিটু ধর্মগঞ্জ এলাকার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।