প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে যুবলীগের সাবেক নেতা কামাল উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি মো. ফাহিম গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যা ব।
১ জুলাই টঙ্গী রেলস্টেশন গোলচত্বর এলাকায় একটি পরিত্যক্ত ভবনের ভেতর থেকে কামাল উদ্দিনের লাশ উদ্ধার করে টঙ্গী থানার পুলিশ। ঘটনার পরদিন কামালের ছোট ভাইয়ের স্ত্রী ফারজানা টঙ্গী থানায় মামলা করেন।
র্যা ব-১-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফাহিম হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। কামালের সঙ্গে তাঁর বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে ঘটনার দিন তিনি তাঁর বাড়ি থেকে একটি চাকু এনে কামালের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কামালের পেটে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যান ফাহিম।