ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সোহাগপুর গ্রামের ঘরে অগ্নিসংযোগের মামলার বাদী জামাল হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে। ওই মামলায় তাঁকে ঝিনাইদহ শহরের ডিবি কার্যালয়ে ডেকে নেওয়ার পরদিন গতকাল শুক্রবার তিনি হামলার শিকার হন।
জামাল হোসেন (৪৫) বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, গ্রামের আশরাফুল ইসলামের সঙ্গে জমি নিয়ে তাঁর বিরোধ ছিল। গত ২৪ জানুয়ারি রাতে তাঁর (জামাল) ঘরে আগুন দেওয়া হয়। এ ঘটনায় আশরাফুলসহ ১৫ জনের বিরুদ্ধে ঝিনাইদহ আদালতে তিনি মামলা করেন।
মামলার তদন্ত শেষে হরিণাকুণ্ডু থানার পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। তিনি (জামাল) আদালতে নারাজি দেন। আদালত ডিবি-পুলিশকে মামলা পুনঃ তদন্তের নির্দেশ দেন। গত বৃহস্পতিবার তদন্তের প্রয়োজনে ঝিনাইদহ শহরের ডিবি কার্যালয়ে যান তিনি, তাঁর বাবা সিরাজুল ইসলাম, তাঁর (জামাল) স্ত্রী আফরোজা খাতুন।
জামাল হোসেন আরও বলেন, গতকাল সকালে তিনি মাঠে ছিলেন। এ সময় সাত-আটজন সন্ত্রাসী তাঁকে ঘিরে ফেলে। এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে চলে যায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠান।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি-পুলিশের এসআই মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তদন্তের প্রয়োজনে বৃহস্পতিবার মামলার বাদীকে (জামাল) আসতে বলেছিলাম। গতকাল শুনেছি, বাদী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।’
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী বলেন, ঘর পোড়ানোর মামলার তদন্তকালে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। তবে জামালের ওপর হামলার কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারছেন না।