মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে লুৎফর রহমানের (৩৫) হত্যা মামলা তুলে নিতে বাদী ও তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে ওই হত্যাকাণ্ডের প্রায় সাড়ে চার বছর পরও মামলার অভিযোগ গঠন করা হয়নি। বর্তমানে মামলার ১৬ আসামিই জামিনে আছেন।
নিহত লুৎফর রহমান সদর উপজেলার হলোখানা ইউনিয়নের নয়ারহাট গ্রামের ছমবিল হোসেনের ছেলে।
লুৎফর রহমানের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, হলোখানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চত্বরে ২০১২ সালের ১৪ আগস্ট ভিজিডির চাল বিতরণের সময় পূর্বশত্রুতার জের ধরে প্রকাশ্যে মনছুর ও তাঁর সমর্থকদের হাতে খুন হন লুৎফর রহমান। এ ঘটনায় লুৎফরের বাবা ছমবিল হোসেন ১৬ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। পরে হামিদ মেম্বার ও নূর হোসেন নামের দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি আসামিরা আত্মগোপন করেন। ছয় মাস পর ১৬ আসামিই হাইকোর্ট থেকে জামিন পান।
মামলার বাদী ছমবিল হোসেন বলেন, প্রায় চার বছরের বেশি সময় পেরিয়ে গেলেও মামলায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। এদিকে আসামিরা বেপরোয়া হয়ে উঠেছেন। তাঁরা মামলা তুলে নিতে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। এই মামলার অভিযোগ গঠনের তারিখ চারবার পরিবর্তন করা হয়েছে। আসামিরা বিভিন্ন কৌশলে বিচারিক কার্যক্রম বাধাগ্রস্ত করছেন। এ অবস্থায় তিনি বিজ্ঞ জেলা জজ আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন।
নিহত লুৎফর রহমানের স্ত্রী বিনু বেগম বলেন, ‘যারা আমাকে বিধবা করেছে, আমার সন্তানদের এতিম করেছে—আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
নিহত লুৎফর রহমানের ভাই উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবদুল গাফফার বলেন, মামলার আসামি মনছুর, মুকুল, শফি, সিরাজুল, মাহবুব, হাছিমুদ্দিন, হামিদ মেম্বার, ছয়ফুল ও আকুল (রাহুল) মামলা তুলে নিতে তাঁদের হুমকি দিচ্ছেন। অনেকবার আপসের প্রস্তাবও দিয়েছেন। আসামিদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। এ অবস্থায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তবে মামলার আসামি মুকুল বলেন, ‘আমাদের পক্ষ থেকে মামলা তুলে নিতে বাদী ও তাঁর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ সঠিক নয়।’
এ ব্যাপারে হলোখানা ইউপির চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, ‘কী কারণে মামলার কার্যক্রমে গতি নাই, তা আমার বোধগম্য নয়। দ্রুত এর একটা বিহিত হওয়া দরকার।’
এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, এ মামলাটি এখন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কাছে আছে।