বরিশালের গৌরনদী উপজেলায় মনতোষ সরকার নামের এক ব্যক্তির ভুলে নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলার পর বাদীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ছাড়া মামলার বাদী রতন হালদার (নবজাতকের বাবা) ও তাঁর স্ত্রী পূর্ণিমা রানীর জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এলাকার কয়েকজন জানান, মনতোষ সরকার চিকিৎসক না হয়েও গাইনি বিশেষজ্ঞ পরিচয় দিয়ে এলাকায় রোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করছেন। এ নিয়ে গত মঙ্গলবার প্রথম আলোর বিশাল বাংলায় ‘চিকিৎসক না হয়েও গাইনি বিশেষজ্ঞ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
রতন হালদার জানান, গত বুধবার সকালে গৌরনদীর টরকী বন্দর গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক তাঁর স্ত্রী পূর্ণিমা রানীর প্রসববেদনা শুরু হয়। পরে তাঁরা মনতোষের শরণাপন্ন হন। মনতোষ দুপুরে পূর্ণিমার সন্তান প্রসবের চেষ্টা করেন।
একপর্যায়ে মনতোষ জোর করে নবজাতককে টেনে বের করে আনেন। এতে নবজাতক মারা যায়। এ ঘটনায় তিনি (রতন) গত সোমবার মনতোষের বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা করেন।
রতন আরও জানান, মামলার পর মনতোষের ভাড়াটে সন্ত্রাসী আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি অমূল্য হালদার, তাঁর সহযোগী তপন শীল ও কৃঞ্চ কাচারীর নেতৃত্বে ১০-১২ জন গত মঙ্গলবার সকালে তাঁর (রতন) আগৈলঝাড়ার বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও ভয়ভীতি দেখান।
একপর্যায়ে মামলা প্রত্যাহারসহ কোনো অভিযোগ নেই মর্মে একটি স্ট্যাম্পে স্বাক্ষর দিতে বলেন। স্বাক্ষর দিতে রাজি না হওয়ায় তাঁকে (রতনকে) লাঞ্ছিত করে জোর করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন। পরে ওই দিন দুপুরে হাসপাতালে গিয়ে তাঁর অসুস্থ স্ত্রীর কাছ থেকে সাদা কাগজ ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন। এ সময় তাঁরা প্রভাব খাটিয়ে হাসপাতালের রেজিস্টার খাতা থেকে তাঁর স্ত্রীর নাম কেটে দেন। পরে বাধ্য হয়ে তিনি স্ত্রীকে নিয়ে চলে আসেন। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে তিনি আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রতনের বাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করে অমূল্য হালদার বলেন, ‘রতনের বিপদের কথা শুনে সহানুভূতি জানাতে আমি ওই বাড়ি গিয়েছিলাম।’
মনতোষ সরকারও তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কাউকে দিয়ে রতনের বাড়ি হামলা চালাননি এবং কোনো ধরনের স্বাক্ষর নেননি।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে।