মামলার ভয় দেখিয়ে টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের বিরুদ্ধে সুজন মাহমুদ (২৬) নামের এক তরুণকে অস্ত্র মামলায় জড়ানোর ভয় দেখিয়ে রাতভর থানাহাজতে আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। তবে অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ কর্মকর্তা।

 গত রোববার দুপুরে ছাড়া পেয়ে সুজন মাহমুদ ফরিদপুরের পুলিশ সুপারের দপ্তর ও ফরিদপুর প্রেসক্লাবে লিখিত অভিযোগ করেন। সুজন রাজবাড়ীর সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার শুকুর আলীর ছেলে। তিনি কৃষিপণ্য বিক্রয় প্রতিষ্ঠানের বিপণনকর্মী বলে নিজের পরিচয় দেন।

লিখিত অভিযোগে সুজন মাহমুদ জানান, শনিবার রাত নয়টার দিকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন চাচা হোসেন মোল্লাকে দেখে বাড়ি ফিরছিলেন। হাজি শরীয়তউল্লাহ বাজারের সামনে কোতোয়ালি থানার এসআই নজরুল তাঁকে আটক করেন। পরে তাঁকে থানাহাজতে আটকে রেখে পাঁচ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেন পুলিশ কর্মকর্তা। চার হাজার টাকা দিয়ে বোরবার দুপুরে তিনি ছাড়া পান।

অভিযোগ অস্বীকার করে এসআই নজরুল বলেন, সুজন মাহমুদ নামের ওই তরুণকে হাজি শরীয়তউল্লাহ রাজারের পেছনে রথখোলা যৌনপল্লি থেকে আটক করা হয়। পরে সুজনের চাচা ও ডিএমপি পুলিশের এসআই সোলায়মানের অনুরোধে তাঁকে ছেড়ে দেওয়া হয়।