মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ
কুষ্টিয়ার এক ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ১০ লাখ টাকা আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বলেছেন, এ বিষয়ে তাঁরা মৌখিক অভিযোগ পেয়েছেন।
ওই ব্যবসায়ীর নাম আশরাফ উদ্দিন। তিনি কুমারখালী শহরের কলেজ মার্কেটে চালের দোকান আলিফ টেড্রার্সের মালিক। আশরাফ বলেন, গত ২৭ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুমারখালী থানার ওসি জিয়াউর রহমানসহ পুলিশের আরও কয়েকজন সদস্য তাঁর বাড়িতে যান। তাঁরা তাঁকে বাড়ি থেকে চালের গুদামে নিয়ে যান। সরকারি চাল থাকার অভিযোগ তুলে তাঁরা ওই রাতেই তাঁর গুদামে তল্লাশি চালান। পরে সেখানে কোনো সরকারি চাল না পেয়ে তাঁকে থানায় নিয়ে যান।
আশরাফ অভিযোগ করেন, থানায় নিয়ে গিয়ে ওসি তাঁকে জঙ্গি মামলায় আদালতে চালান করে দেওয়ার ভয় দেখান। পরে তাঁর কাছে ৩০ লাখ টাকা চান। উপায় না দেখে তিনি (আশরাফ) তাঁর ভাইকে দিয়ে বাড়ি থেকে চেক বই আনিয়ে ২০ লাখ টাকা লিখে সই করে দেন। এরপর রাত আড়াইটার দিকে ওসি তাঁকে ছেড়ে দেন।
পরের দিন বেলা ১১টায় তিনি লোকজনের কাছ থেকে ১০ লাখ টাকা ধার করে থানার ভেতরে ওসির সরকারি বাসায় যান। এ সময় তিনি ওসিকে ২০ লাখ টাকার চেকটি ফেরত দিতে অনুরোধ করেন। কিন্তু ওসি তা ফেরত দেননি। তবে আশরাফ বলেন, ওই চেকের বিপরীতে গতকাল রোববার পর্যন্ত টাকা তোলা হয়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার ওসি জিয়াউর রহমানের মুঠোফোন নম্বরে পাঁচ-ছয়বার ফোন দিলেও তিনি ধরেননি।
আশরাফ বলেন, ঘটনার পর বিষয়টি তিনি কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খানসহ কয়েকজনকে জানান। এরপর ২৯ জুলাই তিনি কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম ও অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিনের সঙ্গে দেখা করেন। নয় দিন হয়ে গেল কিন্তু এখনো তিনি টাকা ফেরত পাননি।
অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন গতকাল রোববার দুপুরে বলেন, মৌখিক অভিযোগ পাওয়ার পর বিষয়টি লিখিতভাবে জানানোর জন্য ওই ব্যবসায়ীকে বলা হয়েছিল। কিন্তু তিনি আজও লিখিত দেননি। তারপরও সহকারী পুলিশ সুপার নূরে এ আলম সিদ্দিকী বিষয়টি দেখছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।