মামলার সাক্ষীকে পিটিয়ে জখম
পটুয়াখালীর বাউফলে গত রোববার একটি মামলার সাক্ষী সোবাহান গাজীকে (৫৮) পিটিয়ে জখম করা হয়েছে। আসামিপক্ষের দুই ব্যক্তি তাঁর ওপর হামলা চালিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নুরাইনপুর বাজার থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সোবাহান তাতেরকাঠি সেতুর পূর্ব পাশে পৌঁছান। এ সময় তাতেরকাঠি গ্রামের বাসিন্দা সিদ্দিক ও ফিরোজ তাঁকে থামিয়ে মারধর করেন। পরে স্থানীয় লোকজন সোবাহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত সোবাহান বলেন, অনেক দিন থেকেই আসামীপক্ষ হুমকি দিচ্ছিল সাক্ষী না হতে। সাক্ষ্য দেওয়াতে তারা হামলা চালিয়েছে। মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।
কর্তব্যরত চিকিৎসক রুমানা আক্তার বলেন, তাঁর শরীরের বিভিন্ন অংশ জখম হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র বলেন, সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে অবশ্যই গ্রেপ্তার করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।