মামলার ১০ বছর পর দুই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগে মামলা হওয়ার ১০ বছর পর প্রধান দুই আসামি গ্রেপ্তার হয়েছেন।

আজ শনিবার ঢাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন কাস্টমের অবসরে যাওয়া পরিদর্শক কাজী রফিকুল ইসলাম ও কালিপদ দাস।

দুদকের উপসহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা নাজিম উদ্দিনের নেতৃত্বে সংস্থার একটি দল ওই দুজনকে গ্রেপ্তার করে।

দুদক সূত্র জানায়, প্রায় পাঁচ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে তা আত্মসাতের অভিযোগে সাতজনের বিরুদ্ধে ২০০৬ সালের এপ্রিলে একটি মামলা করে দুদক। কাস্টমের ওই দুই কর্মকর্তা বাদে বাকি আসামিরা বাংলাদেশ পর্যটন করপোরেশনের ডিপ্লোমেটস অ্যান্ড প্রিভিলেজড পারসন্স ট্যাক্স ফ্রি শপের কর্মী।

মামলার পরদিন রফিকুল ও কালিপদ উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। আদালত মামলার ওপর স্থগিতাদেশ দেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের আগস্টে রিট খারিজ হলে মামলাটি সচল হয়। মামলা তদন্তের দায়িত্ব পান দুদকের উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন। তদন্তের অংশ হিসেবে রফিকুল ও কালিপদকে গ্রেপ্তার করা হলো।

একই মামলায় গত ২৮ আগস্ট গ্রেপ্তার হন পর্যটন করপোরেশনের ট্যাক্স ফ্রি শপের সাবেক নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. নাজমুল আরেফীন। তিনি বর্তমানে করপোরেশনের পিটিএস বিভাগের উপব্যবস্থাপক।

দুদক সূত্রের ভাষ্য, কূটনীতিক ও বিশেষ সুবিধাভোগী ব্যক্তিদের নামে ইস্যু করা ২১৬টি জাল পাস বইয়ের বিপরীতে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিগারেট করপোরেশনের দোকান থেকে নিয়ে তা খোলাবাজারে বিক্রি করা হয়। আসামিরা পরস্পরের যোগসাজশে এই কাজ করেন।