গাজীপুরের শ্রীপুরে আলোচিত বাবা-মেয়ের আত্মহত্যা মামলার ২ নম্বর আসামিকে বগুড়ার ধুনট থেকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা-পুলিশ। তাঁর নাম মো. আবদুল খালেক (৫০)। গত সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ঘটনার এক মাসের মাথায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হলো।
এর আগে ২৫ মে মামলার ৩ নম্বর আসামি বোরহানকে নেত্রকোনার দুর্গাপুর থেকে শ্রীপুর থানা-পুলিশ এবং ২৬ মে প্রধান আসামি ফারুককে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করে র্যাব-১। ঘটনার দিনই গ্রেপ্তার করা হয় গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন ব্যাপারীকে।
মামলা তত্ত্বাবধানের দায়িত্বে থাকা শ্রীপুর থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা জানান, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলার ২ নম্বর আসামি আবদুল খালেককে বগুড়ার ডিবি পুলিশের সহায়তায় ধুনট থেকে আটক করা হয়। ঘটনার পর থেকে তিনি কাপাসিয়া, নরসিংদী, কালীগঞ্জসহ বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। সর্বশেষ ধুনটে তাঁর ভাইপো সোলেমানের শ্বশুর নিজাম উদ্দিনের বাড়িতে লুকিয়ে ছিলেন। খালেক শ্রীপুর থানায় দায়ের করা আরেকটি গরু চুরির মামলারও আসামি। তাঁর বাড়ি শ্রীপুর উপজেলার কর্ণপুর (সিটপাড়া) গ্রামে।
উল্লেখ্য, মেয়ের শ্লীলতাহানির চেষ্টা, গরু চুরি ও ভয়ভীতি প্রদর্শনের বিচার না পেয়ে ক্ষোভে-অভিমানে মেয়ে আয়েশাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন বাবা হজরত আলী।