মামলার ২৩ বছর পর দণ্ড পেলেন তৎকালীন ব্যাংক কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া কাগজপত্র দিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের মামলায় সাবেক এক ব্যাংক কর্মকর্তাসহ তিনজনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৯৯২ সালে হওয়া এই মামলায় আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন- রূপালী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক এ কে এম লুৎফুল করিম, ব্যবসায়ী মাহাবুবুল ইসলাম ও জাকির হোসেন চৌধুরী। তাঁদের মধ্যে জাকির হোসেন চৌধুরী ছাড়া বাকি দুজন পলাতক।

সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত তিন আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড এবং প্রত্যেককে ৩০ লাখ ১২ হাজার ৪৯৮ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে জেলা কালেক্টরকে নির্দেশ দেন।
কৌঁসুলি আরও বলেন, ১৯৯২ সালের ২৩ জুলাই থেকে পরের বছরের ১৪ জুলাই পর্যন্ত সময়ে রূপালী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংকের ৯০ লাখ ৩৭ হাজার ৩৯৮ টাকা আত্মসাৎ​ করেন। এই ঘটনায় তৎ​কালীন দুর্নীতি দমন ব্যুরোর সাবেক সহকারী পরিদর্শক মোল্লা নুরুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০০২ সালের ২১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।