মামলায় বাদ গেল ছাত্রলীগ নেতার নাম
কক্সবাজারের টেকনাফে নির্বাচনী এলাকায় একটি পিস্তলসহ কয়েকজনকে আটক করায় ঘটনায় মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। সেখানে পাঁচজনকে আসামি করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে কক্সবাজার পৌর ছাত্রলীগের সভাপতি মোর্শেদ হোসেনের নাম। দুপুরে বলা হয়েছিল, মোর্শেদের গাড়িতেই ওই পিস্তল পাওয়া গেছে। তাই তাঁকেসহ ছয়জকে আটক করা হয়।
মামলার পাঁচ আসামি হলেন মো. জুয়েল, মো. মেহেদী হাসান, মো. মনসুর আলী, মো. আবীব কাশেম ও লিয়াকত আলী। রাত নয়টার দিকে টেকনাফ থানায় মামলাটি করা হয়। উপপরিদর্শক (এসআই) গৌতম রায় মামলার বিষয়টি নিশ্চিত করেন।
আজ রোববার বেলা পৌনে ১২টার দিকে হোয়াইক্যং বিজিবি তল্লাশিচৌকিতে গাড়ি তল্লাশি করে অস্ত্রসহ তাঁদের আটক করা হয়।
দুপুরের দিকে বিজিবি-২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী প্রথম আলোকে বলেছিলেন, আজ টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে। নির্বাচনী এলাকায় আসার জন্য কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ ও পৌর ছাত্রলীগের সভাপতি মোর্শেদ হোসেনের নেতৃত্বে দুটি গাড়ি কক্সবাজার থেকে টেকনাফ আসছিল। হোয়াইক্যং এলাকায় বিজিবির তল্লাশি চৌকিতে গাড়ি দুটিতে তল্লাশি চালানো হয়। এ সময় মোর্শেদ হোসেনের গাড়িতে একটি এলজি পিস্তল পাওয়া যায়। এ ঘটনায় মোর্শেদ হোসেনসহ ছয়জনকে আটক করা হয়েছে। ইশতিয়াক আহমদকে ছেড়ে দেওয়া হয়েছে।
কিন্তু রাত সাড়ে আটটার দিকে মেজর আবু রাসেল সিদ্দিকী দাবি করেন, অস্ত্রটি এই পাঁচ আসামিকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশায় ছিল। ইশতিয়াক আহমদ ও মোর্শেদ অন্য গাড়িতে ছিলেন।