মামলার কারণে মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর ঘাটে ভৈরব নদের ওপর সেতু নির্মাণ দুই বছর ধরে ঝুলে আছে। এতে নদীর দুই পারের ১৪ গ্রামের মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।
এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, সেতুটি নির্মাণে ২০১২-১৩ অর্থবছরে ৭ কোটি ৫৭ লাখ ৩২ হাজার ৯৮৪ টাকার প্রাক্কলন ধরা হয়। ২০১৩ সালের ৩১ মার্চ এ জন্য দরপত্র আহ্বান করা হয়। বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, দরপত্রে অংশগ্রহণকারীর সেতু নির্মাণে দীর্ঘ অভিজ্ঞতা এবং প্রতিবছর ১২ কোটি টাকা হিসাবে সর্বশেষ পাঁচ বছরে মোট ৬০ কোটি টাকার লেনদেন থাকতে হবে।দরপত্রে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়।এতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাসুমা বেগম ৭ কোটি ৯৯ লাখ এবং জহিরুল লিমিটেড ৮ কোটি ৩৩ লাখ টাকার দরপত্র দেয়। ৯ জুলাই দরপত্র মূল্যায়ন কমিটি নিম্ন দরদাতা হিসাবে মেসার্স মাসুমা বেগমকে সেতু নির্মাণে কার্যাদেশ দেয়।
সে সময়ই জহিরুল লিমিটেডের ঠিকাদার জহিরুল ইসলাম কার্যাদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে মেহেরপুর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা করেন। মামলায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক (দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প) ও কার্যাদেশ পাওয়া ঠিকাদার মেসার্স মাসুমা বেগমসহ ১০ জনকে বিবাদী করা হয়। পরে বাদী আদালতে তথ্য-প্রমাণ উপস্থাপন করলে আদালত সেতু নির্মাণে স্থগিতাদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে মেসার্স মাসুমা বেগমের ঠিকাদার মাসুদুর রহমান মেহেরপুর জজ আদালতে আপিল করেন।২০১৫ সালের জুলাইয়ে জজ আদালত নিম্ন আদালতের আদেশ বহাল রেখে ৩০ দিনের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান জহিরুল লিমিটেডকে কার্যাদেশ দিতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এরপর মাসুদুর ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন; যা বর্তমানে বিচারাধীন।
জহিরুলের মামলার আরজিতে বলা হয়, দরপত্রে অংশগ্রহণকারী মাসুমা বেগমের নির্দিষ্ট অঙ্কের লেনদেন, সেতু নির্মাণের অভিজ্ঞতাসহ এবং বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত পূরণ করা হয়নি। এরপরও দ্বিতীয় দরদাতাকে কাজ না দিয়ে রাজনৈতিক প্রভাবে মাসুমা বেগমকে কার্যাদেশ দেওয়া হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বাগোয়ান ও মোনাখালী এই দুই ইউনিয়নের সংযোগ হতো এ সেতুর মাধ্যমে। নদীর দুই ধারে রয়েছে ১৪টি গ্রাম। এখন প্রতিদিন ঝুঁকি নিয়ে এসব গ্রামের পাঁচ-সাত হাজার মানুষ নৌকায় যাতায়াত করে।
বাগোয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আয়ুব হোসেন বলেন, সেতুর অভাবে যোগাযোগব্যবস্থা খারাপ থাকায় ১৪ গ্রামের চাষিরা ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। সেতুটি নির্মাণ করা হলে এ অঞ্চলের মানুষের অনেক উপকার হতো।
ঠিকাদার জহিরুল বলেন, তিনি কার্যাদেশের বৈধতা নিয়ে আদালতে মামলা করলে স্থানীয় দুটি আদালত তাঁর পক্ষে আদেশ দেন। পরে শুনেছেন ঠিকাদার মাসুদুর ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন। তবে উচ্চ আদালতের কোনো সমন পাননি।
ঠিকাদার মাসুদুর বলেন, তিনি নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন। তবে তিনি মামলার সর্বশেষ অবস্থা জানেন না।
মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুস সালাম বলেন, প্রকল্পের টাকা এখনো আছে। মামলার কারণে দুই বছর সেতুর নির্মাণকাজ ঝুলে আছে। উচ্চ আদালতে আপিল নিষ্পত্তি না হলে সেতু নির্মাণ সম্ভব নয়।