মামলায় হাজিরা দিতে এসে হামলায় যুবক আহত
মামলায় আদালতে হাজিরা দিতে এসে গতকাল বুধবার হামলায় আহত হয়েছেন তৌহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবক। ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের কাছে সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত তৌহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বৈদ্যুতিক মিস্ত্রি এবং মিরপুর ১১ নম্বর সেকশনের ৩ নম্বর অ্যাভিনিউর এ-ব্লকের বিহারি ক্যাম্পের ২৬ নম্বর বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম আইয়ুব আলী। তৌহিদের পরিবারের অভিযোগ, ওই বিহারি ক্যাম্পের জায়গা নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষের লোকজন ফাতেমা মঞ্জিলের সামনে এই হামলা চালায়।
তৌহিদের চাচাতো ভাই সালাউদ্দিন প্রথম আলোকে জানান, বিহারি ক্যাম্পের একটি জায়গা দখল করে দোকান নির্মাণ করা ব্যক্তিদের সঙ্গে গত জুন মাসে শবেবরাতের পরদিন তাঁদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ওই পক্ষ তৌহিদসহ ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা করে। গতকাল এই মামলায় হাজিরা দিতে আসার সময় আদালতের কাছে প্রতিপক্ষের কয়েকজন লোক তৌহিদের বুকে, পিঠে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হামলাকারীদের সঙ্গে ১০-১২ জন যুবক ছিল।