মামলায় 'অগ্রগতি নেই', এখনো আতঙ্ক কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জে পুলিশ ও চিনিকলকর্মীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ এবং সাঁওতালদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের এক মাস পূর্ণ হলো গতকাল মঙ্গলবার। সাঁওতালদের অভিযোগ, ঘটনার ‘উসকানিদাতা’ সাংসদ ও ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের নাম উল্লেখ করে যে মামলাটি করা হয়েছে, তাতে পুলিশ কাউকে ধরছে না। ফলে তাঁদের আতঙ্ক এখনো কাটেনি।

হামলার এক মাস পূর্তিতে গতকাল সন্ধ্যায় গাইবান্ধা শহরের বিজয়স্তম্ভে মোমবাতি প্রজ্বালন করা হয়। হয়েছে সমাবেশও। একই রকম কর্মসূচি পালিত হয়েছে রাজশাহী ও রংপুরে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জের ঘটনায় মোট তিনটি মামলা হয়েছে। এর মধ্যে সংঘর্ষের দিন রাতে পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৪২ জনের নাম উল্লেখ করে ও তিন-চার শ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মামলা করে। মামলায় চার সাঁওতালকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁরা জামিনে ছাড়া পান। এরপর গত ১৬ নভেম্বর স্বপন মুরমু নামের একজন সাঁওতাল ছয় শ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মামলা করেন। এ মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়। ২৬ নভেম্বর স্থানীয় সাংসদ ও ইউপি চেয়ারম্যানকে অভিযুক্ত করে থোমাস হেমরম নামের আরেক সাঁওতাল ৩৩ জনের নাম উল্লেখ করে ও পাঁচ-ছয় শ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে আরেকটি মামলা করেন।

তবে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার বলেন, ওই আসামিদের ধরার চেষ্টা করা হচ্ছে এবং মামলাগুলোর তদন্তও ঠিকমতো চলছে।

এদিকে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমিন বাস্কে গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এখনো তাঁদের লোকজন বাজারে যেতে ভয় পাচ্ছেন। বাজারে গেলে অপরিচিত লোকজন নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।

হামলার এক মাস পূর্তি উপলক্ষে গাইবান্ধা পৌর পার্কের বিজয়স্তম্ভে গতকাল সন্ধ্যা ছয়টায় মোমবাতি প্রজ্বালন করা হয়। বাংলাদেশ আদিবাসী পরিষদ আহূত এ কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেয় জেলা উদীচী শিল্পীগোষ্ঠী, জেলা মহিলা পরিষদ ও গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ।

বক্তারা বলেন, সাঁওতালদের করা মামলায় সাংসদ আবুল কালাম আজাদ ও সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আহম্মেদসহ সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। সাঁওতাল হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত, সাঁওতালদের ক্ষতিপূরণ, তাঁদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁদের সম্পত্তি ফেরত দিতে হবে।

এদিকে নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, গোবিন্দগঞ্জে নিহত সাঁওতালদের আত্মার শান্তি কামনায় গতকাল সন্ধ্যায় রাজশাহী নগরের ভুবনমোহন পার্কে মোমবাতি প্রজ্বালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।

এ ছাড়া নিজস্ব প্রতিবেদক, রংপুর জানান, নিহত সাঁওতালদের স্মরণে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালন ও সমাবেশ করেছে আদিবাসী পরিষদ রংপুর জেলা শাখা। সমাবেশ থেকে আগামী ৬ জানুয়ারি রংপুরে বিভাগীয় সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।