মামা নেতা, তাই ভাগনে পুলিশের ধরাছোঁয়ার বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে স্কুলছাত্র বাবুল শিকদার খুনের তিন দিন পরও মামলার একমাত্র আসামিকে ধরতে পারেনি পুলিশ। স্থানীয় লোকজনের অভিযোগ, বাবুল হত্যা মামলার একমাত্র আসামি রায়হান হোসেনের এক মামা স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর এবং আরেক মামা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি। স্থানীয় সাংসদ আসলামুল হকেরও ঘনিষ্ট তাঁরা। এ কারণেই পুলিশ আসামি ধরতে গা করছে না।
জানতে চাইলে সাংসদ আসলামুল হক প্রথম আলোকে বলেন, ‘ওই পরিবারের সঙ্গে আমার যে সম্পর্ক, তা সাংগঠনিক। এর বাইরে বিশেষ কোনো সম্পর্ক নেই। যে অপরাধ করেছে, তার সাজা হওয়া উচিত। পুলিশ কেন আসামিকে ধরছে না সেটা আমি বলতে পারব না। তবে আসামি ধরা উচিত।’
গত বুধবার সকালে মিরপুরের জনতা হাউজিংয়ের একটি মাঠে ক্রিকেট খেলার সময় প্রতিবেশী রায়হান হোসেন (২০) স্ট্যাম্প দিয়ে পিটিয়ে বাবুল শিকদারকে হত্যা করেন। ওই দিনই বাবুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়। মিরপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের বাণিজ্য শাখা থেকে সে জিপিএ-৫ পেয়েছিল। রায়হান নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।
বাবুল শিকদারের বাবা মুস্তফা শিকদার প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পরের দিন রায়হান হোসেনকে আসামি করে মিরপুর থানায় মামলা করা হয়েছে। কিন্ত এখনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। হত্যা মামলায় আসামি ধরতে এত সময় নিলে তো ঘরে ঘরে মানুষ খুন হবে। আমি সন্তান হত্যার বিচার চাই।’
স্থানীয় একাধিক ব্যক্তি নাম না প্রকাশের শর্তে বলেন, স্থানীয় (মিরপুর ১২ নম্বর ওয়ার্ড) কাউন্সিলর ইকবাল হোসেনের ভাগনে রায়হান হোসেন। রায়হানের আরেক মামা আনোয়ার হোসেন মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি। মামার বাড়িতেই থাকেন রায়হান। রায়হানের এই দুই মামা এলাকায় বেশ প্রভাবশালী। স্থানীয় সাংসদ আসলামুল হকের সমর্থনেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েও কাউন্সিলর নির্বাচিত হন ইকবাল হোসেন। রায়হান স্থানীয় এই প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ার কারণেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না।
এ বিষয়ে জানতে কাউন্সিলর ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর পরিবার থেকে বলা হয়, তিনি বিদেশে আছেন। আরেক মামা আনোয়ার হোসেনকে পাওয়া যায়নি।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ নিজের মতো করেই কাজ করছে। কেউ মামলা প্রভাবিত করছে না। আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।