মামা-ভাগনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মোহনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রি ও শিক্ষক নিয়োগের মাধ্যমে প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আবুল কাশেম বলেন, ‘কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক সম্পর্কে মামা-ভাগনে। অনেক কিছুই তাঁরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে পরে সেটি আমাদের জানাতেন।’
প্রধান শিক্ষক আবু রায়হান অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করলেও বিদ্যালয়ের গাছ কাটার কথা স্বীকার করে বলেন, ‘ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঝড়ে ভেঙে যাওয়া কয়েকটি গাছ কেটে বিদ্যালয়ের বেঞ্চ ও চেয়ার বানানো হয়েছে। তিনি বলেন, ‘শিক্ষক নিয়োগে কোনো টাকাপয়সা নেওয়া হয়নি। কিছু ব্যক্তির স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়েছেন।’ প্রধান শিক্ষক আরও জানান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু হাসান ইতিমধ্যে সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন।
সভাপতি আবু হাসান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছি। আমি নিজে কোনো অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত নই, কাউকে সেই সুযোগও দিইনি। পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সরকারি চাকরি করি। তাই বিদ্যালয় থেকে কোনো প্রকার সম্মানীও গ্রহণ করি না।’
ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অভিযোগটি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।’ তবে তিনি বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতির পদত্যাগের বিষয়টি জানেন না বলে জানান।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম জিল্লুর রহমান বলেন, ‘ইউএনও আমাকে অভিযোগটি তদন্তের দায়িত্ব দিয়েছেন। আমি এখনো তদন্ত শুরু করতে পারিনি।’
ইউএনওর কাছে লিখিত অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস এম হাসান ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ভূমি কার্যালয়ে বর্তমানে সহকারী তহশিলদার পদে কর্মরত। সভাপতি ও প্রধান শিক্ষক অবৈধভাবে সাতজন শিক্ষক নিয়োগ দিয়েছেন। বিদ্যালয়ের উন্নয়নের নামে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কাছ থেকে ৬০-৭০ লাখ টাকা নেওয়া হয়েছে। তবে তাঁরা বিদ্যালয়ের কোনো উন্নয়ন করেননি। এ ছাড়া বিভিন্ন প্রজাতির ২০-২৫টি গাছ বিক্রি করা হয়েছে। ওই সব গাছের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক নিয়োগ পাওয়া এক শিক্ষক জানান, নিয়োগের শর্তে তাঁর কাছ থেকে সাত লাখ টাকা নেওয়া হয়েছে।
স্থানীয় সাত-আটজন লোক জানান, প্রধান শিক্ষক আবু রায়হান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম হাসান সম্পর্কে মামা-ভাগনে। প্রধান শিক্ষক নিয়মনীতির তোয়াক্কা না করেই সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও ওই আত্মীয়কে ব্যবস্থাপনা কমিটির সভাপতি করেছেন। এ ছাড়া বিদ্যালয় থেকে পাশের মোহনপুর বাজারের কয়েকটি দোকানে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। ওই সব দোকান থেকে প্রধান শিক্ষক মাসিক বিল আদায় করেন। অথচ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকেও বিদ্যুতের বিল বাবদ টাকা নেওয়া হয়।
মোহনপুর বাজারের ব্যবসায়ী আবু রায়হান বলেন, বিদ্যালয়ের মাঠের ভেতর ও বাইরের আম, তাল, মেহগনি, ইউক্যালিপটাসসহ অনেক গাছ কেটে বিক্রি করা হয়েছে। মামা-ভাগনে মিলে বিদ্যালয়টিকে অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁরা বিদ্যালয়ে আরও একজন শিক্ষক নিয়োগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
তিলকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইফুল ইসলাম বলেন, মামা-ভাগনে বিদ্যালয়ের নানা অনিয়মে জড়িত। এ কারণেই এলাকাবাসী তাঁদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ প্রসঙ্গে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম জিল্লুর রহমান বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সরকারি চাকরিজীবীরা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হতে পারেন। তবে এ ক্ষেত্রে আবু হাসান ওই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ার আগে অনুমতি নিয়েছিলেন কি না, তা আমার জানা নেই।’