মামাদের সংঘর্ষ থামাতে গিয়ে নিহত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের চকেরগ্রামে মামাদের সংঘর্ষ থামাতে গিয়ে রিপন মিয়া (১৬) নামের এক কিশোর খুন হয়েছে। রিপন পার্শ্ববর্তী বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের আবদুল কাদিরের ছেলে।
পুলিশ গতকাল মঙ্গলবার ওই কিশোরের লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, রিপন চকেরগ্রামে মামাবাড়িতে থাকত। সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে তার মামা তৈমুছ আলী ও আজমল আলীর মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে গত সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ থামাতে গেলে রিপনের মাথায় আজমল আলীর হাতে থাকা ধারালো দায়ের কোপ লাগে। পরে রিপনকে হাসপাতালে চিকিৎসা করানো হয়। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে চকেরগ্রামে সে মারা যায়। এ ঘটনায় তৈমুছ আলী বাদী হয়ে তাঁর ভাই আজমলসহ পরিবারের আরও পাঁচজন সদস্যকে অভিযুক্ত করে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দেন।