মামার হাতে ভাগনে খুন
ঝড়ে ভেঙে পড়া গাছের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে গতকাল রোববার রাজশাহীর কাটাখালী পৌর এলাকার বাখরাবাজ মহল্লায় মামার হাতে ভাগনে খুন হয়েছেন।
পরে গণপিটুনিতে আহত অবস্থায় মামা ও তাঁর ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ভাগনের নাম মিঠুন আলী (৩৪)। তাঁর বাবার নাম একরামুল হক। বাড়ি পবা উপজেলার কাটাখালী পৌর এলাকার বাখরাবাজ মহল্লায়। আহত মামার নাম মোজাম্মেল হক (৪২) ও তাঁর ছেলে মোহাম্মদ স্বপন (২২)।
মতিহার থানার ওসি আবদুর রউফ জানান, জমি নিয়ে মোজাম্মেল হকের সঙ্গে মিঠুনের বিরোধ চলছিল। গত শনিবার ঝড়ে ওই জমির একটি শিশুগাছ ভেঙে পড়ে। গতকাল রোববার সকালে মোজাম্মেল ভেঙে পড়া ওই শিশুগাছটি কাটতে গেলে মিঠুন তাঁকে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় মোজাম্মেলের হাঁসুয়ার আঘাতে মিঠুন জখম হন। তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকলে কলেজ হাসাপাতালে পাঠায়। পথেই মিঠুনের মৃত্যু হয়।