মামার হাতে ভাগনে খুন
পাবনার বেড়ায় বিরোধপূর্ণ জমিতে থাকা গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে গতকাল সোমবার সকালে সংঘর্ষের ঘটনায় মামার হাতে ভাগনে খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ মামাসহ দুজনকে গ্রেপ্তার করেছে।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার চককৃষ্ণপুর গ্রামের মোজাই মিয়ার (৪০) সঙ্গে তাঁর মামা খোকা মিয়ার (৬০) জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকাল আটটার দিকে ওই বিরোধপূর্ণ জমির কাঁঠালগাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে মোজাই মিয়ার লোকজনের সঙ্গে খোকা মিয়ার লোকজনের সংঘর্ষ বেধে যায়। এতে মোজাই মিয়া গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মোজাই মিয়ার সম্বন্ধী নূর আলম কাজী বাদী হয়ে আমিনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
আমিনপুর থানার ওসি জসীম উদ্দিন বলেন, এ ঘটনায় মোজাইয়ের মামা খোকা মিয়া ও মামাতো ভাই ওয়াসীমকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।