মামার হাতে ভাগনে খুন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর এলাকায় ধানখেত থেকে গত সোমবার রাতে মনছুর আলম (১৩) নামের এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের মামা নুরুল আলমকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। হত্যার দায় স্বীকার করে গতকাল মঙ্গলবার তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন।
মনছুর ফেনী সদর উপজেলার দক্ষিণ ছনুয়া গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ত। গ্রেপ্তার নুরুল আলমের বাড়ি সদর উপজেলার মধ্যম ফাজিলপুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তিন দিন আগে মনছুর সদর উপজেলার মধ্যম ফাজিলপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। গত সোমবার বিকেলে মনছুরকে নিয়ে তার মামা নুরুল আলম বেড়াতে বের হন। নুরুল আলম বাড়িতে ফিরে এলেও মনসুরের সন্ধান পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় মহুরী নদীর পাশে ধানখেতে মনছুরের লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে আটটার দিকে লাশ উদ্ধার করে। এ সময় এলাকাবাসী নুরুল আলমকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। গতকাল সকালে মনছুরের বাবা মো. সাহাব উদ্দিন ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। গতকাল ফেনী সদর হাসপাতালের মর্গের সামনে সাহাব উদ্দিন অভিযোগ করেন, নুরুল আলম মাদকাসক্ত। মুঠোফোন নেওয়ার জন্যই মনছুরকে সে হত্যা করেছে।
ফেনী সদর থানার অধীন বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক মো. আজিজ আহম্মদ বলেন, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নুরুল আলম। তিনি (নুরুল আলম) স্বীকার করেছেন মনছুরকে তাঁদের বাড়ি থেকে ডেকে মুহুরী নদীর কাছে নিয়ে যান এবং ছুরি দিয়ে গলা কেটে লাশ ধানখেতে কাদামাটি চাপা দেন।