মায়ের বিরুদ্ধে শিশুকন্যা হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় আট মাস বয়সী এক মেয়েশিশুকে খুন করার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। আজ সোমবার সকাল ১০টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় শিশুটির মা ফাহিমা আকতারকে (২৫) আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নিমগাছি ধুলিপাড়া গ্রামের জনাব আলীর মেয়ে ফাহিমা আকতারের সঙ্গে আড়াই বছর আগে কালেরপাড়া ইউনিয়নের ঘুগড়াপাড়া গ্রামের আনোয়ার হোসেনের বিয়ে হয়। আট মাস আগে তাঁদের একটি মেয়ে হয়। শিশুটির নাম রাখা হয় সুলতানা খাতুন। তবে শিশুটি জন্মের আগে থেকে সংসারে অভাব-অনটন শুরু হয়। এর জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কথা-কাটাকাটি হতো। তিন আস আগে ফাহিমা অভিমান করে সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যান। সেখানে তিনি গৃহকর্মীর কাজ করে জীবিকা চালাতেন। গতকাল রাতে ফাহিমা শিশুটিকে নিয়ে তাঁর আত্মীয় নিমগাছি গ্রামের ভ্যানচালক পলাশ মিয়ার বাড়িতে অবস্থান করেন। সেখানে তিনি সন্তানকে হত্যা করে লাশ ঘরে রেখে পালিয়ে যান। আজ ভোর পাঁচটার দিকে গৃহকর্তা পলাশ মিয়া ফাহিমা যে ঘরে অবস্থান করছিলেন, সেখানে গিয়ে শিশুটির লাশ বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর নিমগাছি বাঙালি নদীর সেতুর ওপর ফাহিমাকে দেখতে পান। খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

ফাহিমার স্বজন ও স্থানীয় লোকজনের ভাষ্য, স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ফাহিমা।

শিশুর লাশ উদ্ধার করার তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে দেওয়া ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানের ভাষ্য, থানায় আটক ফাহিমা তাঁর মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন।