মায়ের মমতা মানে না কাঁটাতার
ভারতের জলপাইগুড়ি জেলার প্রফুল্ল রায় এসেছেন মায়ের সঙ্গে দেখা করতে। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আকচা গ্রাম থেকে আসা শত বছর বয়সী মা শিতু মণি চোখে দেখতে পান না। মাকে জড়িয়ে ধরে আঁচলের গন্ধ নেওয়া হয়নি। মাঝখানে কাঁটাতার। দূরত্ব দুই থেকে তিন হাত। ছেলেকেও দেখা হয়নি মায়ের। কণ্ঠ শুনতে পেরেছেন। এতেই খুশি তাঁরা।
প্রফুল্ল রায় (৭৫) বলেন, ‘কাঁটাতারের জন্য মাকে জড়িয়ে ধরতে পারিনি। আমার মায়ের অনেক বয়স। জানি না, আগামী বৈশাখে তাঁকে দেখতে পাব কি না।’
গতকাল বুধবার পঞ্চগড় সদর উপজেলার অমরখানা সীমান্তে ৭৪৩, ৭৪৪ ও ৭৭৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের মাঝে প্রায় পাঁচ কিলোমিটার সীমান্তের কাঁটাতারের দুই পাশে জড়ো হন দুই দেশের মানুষ। সকাল সাড়ে ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত চলে তাঁদের কুশল বিনিময়। কাঁটাতারের বেড়ার এপারে কয়েক হাজার বাংলাদেশি। ওপারে কয়েক হাজার ভারতীয়। এখানে দেখা করতে এসেছিলেন মা শিতু মণি এবং ছেলে প্রফুল্ল রায়।
পঞ্চগড়ের মতো ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দনগাঁও সীমান্তেও দুই দেশের লোকজন কাঁটাতারের বেড়ার পাশে জড়ো হয়েছিলেন। করেছেন উপহার ও কুশল বিনিময়।
সালেহা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাতোর গ্রামের বাসিন্দা। তাঁর ভাই ভারতের রায়গঞ্জের সেনিয়াবাদ এলাকায় থাকেন। দুই মাস আগে ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে হয় ছেলে সুজন আলীর। সামর্থ্য না থাকায় পাসপোর্ট ও ভিসা করে ভারতে গিয়ে নববধূকে দেখার সুযোগ হয়নি তাঁর। গতকাল বুধবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দনগাঁও সীমান্তে গিয়ে ছেলের বউকে দেখার সুযোগ পান তিনি। কাঁটাতারের বেড়ার দুই পাশে দাঁড়িয়ে কথা বললেন। মনভরে বেড়ার ফাঁক দিয়ে দেখে নিলেন ছেলের বউকে।
সালেহার মতো বাংলাদেশের অনেক নাগরিক ওই সীমান্তে গিয়ে তাঁদের ভারতীয় স্বজনদের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেছেন। করেছেন উপহার বিনিময়। দুই পাশে লোকজন জড়ো হওয়ায় কিছু সময়ের জন্য সীমান্ত এলাকা মিলনমেলায় পরিণত হয়।
পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ১৯৪৭ সালে দেশ বিভাগের পর বৈশাখের প্রথম দিন প্রতিবছর এই সুযোগ দিত ভারত। কোনো বাধা ছাড়াই দুই বাংলার মানুষ স্বজনদের সঙ্গে দেখা করত। কিন্তু সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পর তারা আগের মতো দেখা করতে পারছে না। বিজিবি ও বিএসএফ পয়লা বৈশাখে দুই দেশের স্বজনদের সীমান্তে দেখা করার সুযোগ করে দিয়েছে। এই দিনটির জন্য উভয় দেশের স্বজনেরা অপেক্ষা করতে থাকে। তাই তো পয়লা বৈশাখে ছুটে আসেন সীমান্তে। হরিপুর সীমান্তে গতকাল দুপুর ১২টার থেকে দুই দেশের স্বজনদের দেখা-সাক্ষাৎ চলে বিকেল তিনটা পর্যন্ত।