মায়ের হাতে শিশু খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে মায়ের হাতে সুলতানা খাতুন নামের আট মাসের এক শিশু খুন হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ফাহিমা আকতারকে (২৫) আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের ধুলিপাড়া গ্রামের জনাব আলীর মেয়ে ফাহিমা আকতারের প্রায় আড়াই বছর আগে কালেরপাড়া ইউনিয়নের ঘুগুরাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে বিয়ে হয়। বছর খানেক ধরে সংসারে অভাব-অনটন বেড়ে যাওয়ায় দাম্পত্য কলহও বাড়ে। এরই জের ধরে প্রায় তিন আস আগে ফাহিমা সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে যান। সেখানে তিনি অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। গত রোববার রাতে ফাহিমা তাঁর সন্তানকে নিয়ে নিকটাত্মীয় নিমগাছি গ্রামের ভ্যানচালক পলাশ মিয়ার বাড়িতে রাত যাপন করেন। গৃহকর্তা পলাশ ভোরে ফাহিমা যে ঘরে ছিলেন সেটির দরজা খোলা দেখেন শিশুটির লাশ বিছানায় পড়ে আছে। তখন ফাহিমা ঘরে ছিলেন না। খোঁজাখুঁজির একপর্যায়ে নিমগাছি এলাকায় বাঙ্গালী নদীর সেতুর ওপর থেকে ফাহিমাকে ধরে আনা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা
গিয়ে শিশুটির লাশ উদ্ধার ও ফাহিমাকে আটক করে থানায় নিয়ে আসেন।

থানায় আটক ফাহিমা বলেন, ‘স্বামী আমারে চায় না। তাই আমিও হের সন্তান চাই না।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ফাহিমা সন্তানকে হত্যার দায় স্বীকার করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় মানসিক ভারসাম্য হারিয়ে তিনি শিশুটিকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুর,চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা থেকে শিশু ও নারীসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শাহজাদপুর উপজেলার দরগারচর গ্রাম থেকে নুরুল ইসলাম (৪৮) নামের এক রিকশাচালকের গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল পুলিশ নুরুলের বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে।

শিবগঞ্জের ধাইনগর এলাকার মহানন্দা নদী থেকে গতকাল সোমবার সকালে রাকিব বাবু (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধারকরেছে পুলিশ। বাবু ধাইনগর-বলিহারপুর গ্রামের নাইমুল হকের ছেলে ও পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।

ঘোড়াঘাটে গত রোববার রাতে পৃথক দুটি স্থান থেকে তোরাব আলী (১৬) নামের এক মাদ্রাসাছাত্রের গলিত লাশ এবং চম্পা রানী (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তোরাব গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ মহল্লার গাড়িচালক আ. রহমানের ছেলে। চম্পা রানী ঘোড়াঘাট পৌর শহরের বড়গলি (নাপিতপাড়া) মহল্লার ভবেশ চন্দ্রের স্ত্রী।