মারজান-সাদ্দাম নিহত হওয়ায় তদন্তে প্রভাব পড়বে না: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, নুরুল ইসলাম মারজান নিহত হওয়ায় গুলশানের হলি আর্টিজান হামলার তদন্তে কোনো প্রভাব পড়বে না। কারণ পুলিশের কাছে সব ধরনের তথ্য আছে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশপ্রধান এ কথা বলেন।
৫ জানুয়ারি দিবাগত রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নুরুল ইসলাম মারজান ও সাদ্দাম নিহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘টেররিজম ইন দ্য ওয়েভ অব ইসলামিক স্টেট’ শীর্ষক সম্মেলনে বক্তব্য দিয়ে বিদায় নেওয়ার সময় সাংবাদিকেরা পুলিশপ্রধানের কাছে ওই ‘বন্দুকযুদ্ধ’ নিয়ে জানতে চান। প্রশ্ন ছিল, মারজান নিহত হওয়ায় গুলশানের হলি আর্টিজানে হামলার তদন্তে কোনো প্রভাব পড়বে কি না। উত্তরে শহীদুল হক বলেন, ‘নুরুল ইসলাম মারজান দুর্ধর্ষ সন্ত্রাসী। সে গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী ও অপারেশনাল কমান্ডার। সাদ্দাম উত্তরাঞ্চলে সংঘটিত পাঁচটি হত্যাকাণ্ডের আসামি। তার বিরুদ্ধে আরও মামলা আছে। মারজান ও সাদ্দাম যা যা করেছে, যা যা ঘটনা ঘটেছে, সেসব তথ্য আমাদের কাছে আছে। আমাদের আর কোনো তথ্যের দরকার নেই।’ তিনি আরও বলেন, মারজান ও সাদ্দাম ঢাকায় ঢোকার চেষ্টা করছে এমন তথ্য পুলিশের কাছে ছিল।
এদিকে মোহাম্মদপুর বেড়িবাঁধে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নুরুল ইসলাম মারজান ও সাদ্দাম নিহত হওয়ার ঘটনায় মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গতকাল দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ আলী মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাটির বাদী ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের এক নম্বর টিমের উপপরিদর্শক (এসআই) মো. আজগর আলী।
পুলিশ এখন বলছে, ওই রাতে একজন জঙ্গি পালিয়ে যায়। দুজন নিহত হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, একজনের নাম নুরুল ইসলাম মারজান ও অপরজনের নাম সাদ্দাম হোসেন ওরফে রাহুল ওরফে রাহুল গান্ধী।
মামলার এজাহারে বলা হয়েছে, পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের একটি দলের কাছে খবর ছিল মোটরসাইকেলে করে জঙ্গিরা ওই এলাকা রেকি করার জন্য রওনা দিয়েছে। তখন তারা ওই এলাকায় নিরাপত্তাচৌকি বসায়। রাত পৌনে তিনটার দিকে কালো রঙের একটি মোটরসাইকেল তিনজন আরোহীসহ নিরাপত্তাচৌকির কাছাকাছি আসে। পুলিশ দূর থেকে থামার সংকেত দিলে মোটরসাইকেল আরোহীরা পুলিশকে লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড ও গুলি ছুড়তে থাকে। পুলিশ আত্মরক্ষার জন্য পাল্টা গুলি ছোড়ে। তখন একজন জঙ্গি পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় অন্য দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে নিহত মারজান ও সাদ্দামের ময়নাতদন্ত হয়। তাদের শরীরে একাধিক গুলির চিহ্ন দেখা গেছে। সাদ্দামের শরীর থেকে তিনটি গুলি বের করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদের ভাষ্য, দুই জঙ্গির ডিএনএ পরীক্ষা করা হবে। তাদের ভিসেরা, রক্ত ও ইউরিন সংগ্রহ করা হয়েছে। সেগুলোও পরীক্ষা করা হবে। দুই জঙ্গির লাশই মর্গে আছে।