মারজানের বাবার খোঁজ মেলেনি এক সপ্তাহেও
ঢাকার গুলশানের রেস্তোরাঁয় হামলার সন্দেহভাজন জঙ্গি নুরুল ইসলাম ওরফে মারজানের বাবা নিজাম উদ্দিন সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, মারজানের পরিচয় শনাক্ত হওয়ার পর ১৫ আগস্ট পুলিশ পরিচয়ে সাদাপোশাকধারী কিছু লোক এসে মোটরসাইকেলে করে তাঁকে বাড়ি থেকে যায়। তবে পাবনার পুলিশ বলছে, তারা মারজানের বাবার বিষয়ে কিছু জানে না।
গেঞ্জির কারিগর নিজাম উদ্দিন ১২ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর অনুপস্থিতিতে পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে।
মারজানের বাড়ি পাবনা সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নের আফুরিয়া গ্রামে। গতকাল সোমবার বিকেলে ওই বাড়ি গিয়ে দেখা যায়, প্রতিবেশী ছয়–সাতজন নারী মারজানের মা সালমা খাতুনকে ঘিরে বসে আছেন। বাড়িতে ঢুকতে প্রতিবেশীরা এসে ঘিরে ধরলেন। কিছু বলার আগেই পড়তে হলো তাঁদের প্রশ্নের মুখে। সবার একই প্রশ্ন, মারজানের বাবার কোনো খোঁজ পেয়েছেন কি?
সালমা খাতুন বললেন, ‘আমার ছেলে অন্যায় করলে তার শাস্তি হোক। তার জন্য আমার অন্য সন্তানেরা না খেয়ে মরতে পারে না। শিশুসন্তানদের মুখের আহারের জন্য আমি আমার স্বামীকে ফেরত চাই।’
প্রতিবেশী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেল, পুলিশ পরিচয়ে সাদাপোশাকধারীরা বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর তাঁরা মারজানের বাবার কোনো হদিস পাননি। মারজানের জঙ্গিসংশ্লিষ্টতার কারণে ভয়ে কেউ পুলিশের কাছে খোঁজ করতে যাননি। তবে তাঁরা প্রতিনিয়ত পরিবারটির খোঁজখবর রাখছেন।
মারজানের মা সালমা খাতুন বলেন, ‘আমরা অশিক্ষিত মানুষ। থানা-পুলিশ কিছু বুঝি না। বড় ছেলেটিও অসুস্থ। সেও এসবের কিছু বোঝে না। তাই স্বামীর খোঁজ করতে পারিনি। কোথায় কার কাছে গেলে স্বামীর খোঁজ পাব, তা–ও বুঝতে পারছি না।’
জানতে চাইলে পাবনার পুলিশ সুপার আলমগীর কবীর গতকাল প্রথম আলোকে বলেন, ‘মারজানের বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে। কিন্তু তাঁর বাবাকে তুলে আনা হয়নি। তিনি নিখোঁজ হওয়ার পর থেকে আমরাও তাঁর খোঁজ করার চেষ্টা করছি।’
মারজানের বিষয়ে তথ্য চেয়ে ১২ আগস্ট পুলিশের তথ্য পাওয়ার বিশেষ অ্যাপ ‘হ্যালো সিটি’তে তাঁর ছবি প্রকাশিত হয়।