মারধর করে জমি দখলের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাহেনা গ্রামে একটি সংখ্যালঘু পরিবারের সদস্যদের মারধর করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী উত্তম দাস উপজেলার জামপুর ইউনিয়নের কাহেনা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তিনি গতকাল মঙ্গলবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়, উত্তম দাসের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কাহেনা মৌজায় ৯ শতাংশ জমি ভোগদখল করে আসছেন। এখন ভুয়া দলিল করে ওই জমি নিজেদের দাবি করছেন স্থানীয় প্রভাবশালী রোস্তম আলী ও তাঁর সহযোগীরা। এ ব্যাপারে উত্তম দাস আদালতে দুটি মামলা করেছেন। মামলাগুলো বিচারাধীন। গতকাল সকালে রোস্তম আলীর নেতৃত্বে তাঁর সহযোগীরা হামলা চালিয়ে উত্তম দাস ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করেন। এরপর গাছ কেটে নিয়ে ওই জমি দখলের চেষ্টা করেন।
তবে রোস্তম মিয়া অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘জমির প্রকৃত মালিক আমি।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।