মারধর করে মাকে বাড়ি থেকে বের করলেন ছেলে

স্বামী মারা গেছে বছর ২৫ হলো। সেই থেকে তাঁর নামে ২৫ শতক জমি আঁকড়ে বেঁচে ছিলেন তাসলেমা খাতুন (৮৫)। ওই জমিটুকু কেড়ে নিতে ছেলে ও ছেলের বউ তাঁকে অত্যাচার ও নির্যাতন করেছেন। গত সোমবার তাসলেমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন ছেলে ও তাঁর বউ।
ঘটনাটি ঘটে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামে। মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তাসলেমার বড় ছেলেকে আটক করে পুলিশ।
গত মঙ্গলবার আনোয়ার হোসেন নামের এক প্রতিবেশী রাস্তার পাশে আহাজারি করতে থাকা তাসলেমার ভিডিও চিত্র ফেসবুকে পোস্ট করেন। ভিডিও চিত্রটি একসময় জেলা প্রশাসক মো. আবদুল আওয়ালের নজরে আসে। পরে খোঁজখবর নিয়ে গত বুধবার সকালে তিনি হরিপুরে ছুটে যান। তাসলেমাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
তাসলেমার কয়েকজন প্রতিবেশী বলেন, বছর ২৫ আগে স্বামী হারান তাসলেমা। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে। স্বামী মারা যাওয়ার পর তাসলেমা ছেলেমেয়ের কাছে থাকতেন। কিন্তু বেশির ভাগ সময় তিনি বড় ছেলে মো. বদিরউদ্দিনের বাড়িতেই থাকতেন। হাতে থাকা ২৫ শতক জমি নিজের নামে লিখে নিতে বদিরউদ্দিন ও তাঁর স্ত্রী রানু বেগম কয়েক মাস ধরে চাপ দিচ্ছিলেন। গত সোমবার দুপুরে রানু রান্নায় ব্যস্ত ছিলেন। তাঁর কাছে গিয়ে তাসলেমা খাবার চান। রানু তাঁকে খাবার না দিয়ে চুলার আগুন ফোঁকানোর চোঙা দিয়ে তাসলেমাকে আঘাত করেন। আঘাতে তাসলেমার চোখের নিচে কেটে গিয়ে রক্ত ঝরতে থাকে। কিছুক্ষণ পর বদিরউদ্দিন বাড়িতে এসে মাকে টেনেহিঁচড়ে বাড়ি থেকে বের করে এনে রাস্তার পাশে ফেলে যান। সে সময় বদিরউদ্দিন চিৎকার করে বলতে থাকেন, ‘এ বাড়িতে থাকতে হলে আমার নামে জমি রেজিস্ট্রি করে দিতে হবে।’
রাস্তার পাশেই তাসলেমা যন্ত্রণায় কাতরাতে থাকেন। পরে স্থানীয় ব্যক্তিরা তাসলেমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। বুধবার বাড়ি থেকে জেলা প্রশাসক তাঁকে ঠাকুরগাঁওয়ে নিয়ে আসেন।
গতকাল বৃহস্পতিবার হাসপাতালে তাসলেমার সঙ্গে ছিলেন তাঁর বড় মেয়ে সাপুরা বেগম (৫৮)। তিনি বলেন, ‘মা যেহেতু বেশির ভাগ সময় তাঁদের বাড়িতে থাকে, তাই এমন তুচ্ছ ঘটনা নিয়ে বড় ভাবি (বদিউদ্দিনের স্ত্রী) বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন।’
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক শুভেন্দু দেবনাথ বলেন, তাসলেমা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে চিকিৎসার পাশাপাশি তাঁর পরিচর্যা প্রয়োজন।
হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, এ ঘটনায় বুধবার রাতে বদিরউদ্দিনকে আটক করা হয়েছে।
জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল বলেন, ‘বৃদ্ধ মা তাঁর সন্তানের হাতে আহত হয়েছেন, এমন খবর আমাকে খুবই ব্যথিত করেছে। তাই তাঁর বাড়িতে ছুটে যাই। ওই মায়ের শারীরিক অবস্থা ভালো হলে বিষয়টি নিয়ে তাঁর (তাসলেমা) পরিবারের সঙ্গে সামাজিকভাবে বসা হবে। পাশাপাশি তাঁকে সরকারি কোনো সহায়তা দেওয়া যায় কি না দেখছি। ছেলেমেয়েরা তাঁর দায়িত্ব না নিতে চাইলে তাঁকে সরকারি কোনো শিশু পরিবারে রাখার ব্যবস্থা করে দেব।’