মারধরে মুক্তিযোদ্ধার মৃত্যু, অভিযোগ পুলিশের বিরুদ্ধে
জামালপুর রেলস্টেশনে মারধরের কারণে মুক্তিযোদ্ধা মো. আবদুল বারীর (৬০) মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, আজ সোমবার দুপুরের দিকে রেলওয়ের পুলিশের কয়েকজন সদস্যের মারধরের একপর্যায়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরে তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে জানতে জামালপুর জিআরপি থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌর চন্দ্র মজুমদারকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
মৃত মুক্তিযোদ্ধা আবদুল বারীর বাড়ি জামালপুর সদর উপজেলার হাটচন্দ্রা এলাকায়। তাঁরা জামাতা আলমগীর হোসেন প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, ‘একজন বীর মুক্তিযোদ্ধা ও বৃদ্ধ মানুষকে অন্যায়ভাবে পুলিশ মারধর করেছে। এক পুলিশ সদস্যের ঘুষিতে তিনি মেঝেতে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ থেকে লাশ নেওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার বর্ণনা দিয়ে আলমগীর হোসেন বলেন, ওই মুক্তিযোদ্ধার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাজহারুল হক ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেনে তাঁর বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যাওয়ার কথা ছিল। এ সময় ওই স্টেশনে বিনা টিকিটে ভ্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছিল। বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে জামালপুর জিআরপি থানার পুলিশ মাজহারুল হককে আটক করে। খবর পেয়ে তাঁর বাবা আবদুল বারী জিআরপি থানায় যান। আলমগীর অভিযোগ করেন, সেখানে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে একজন পুলিশ সদস্য আবদুল বারীকে ঘুষি মারলে তিনি মেঝেতে পড়ে যান। মাথার পেছনে গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথম জামালপুর জেনারেল হাসপাতাল নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আবদুল বারী একজন মুক্তিযোদ্ধা। পুলিশের ঘুষিতে আজ তাঁর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।’
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক প্রথম আলোকে বলেন, ‘শুনেছি একজন মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। বিষয়টি পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলে যাচ্ছি।’ সেখানে গিয়ে বিস্তারিত বলতে পারবেন বলে জানিয়েছেন তিনি।